আরও ৬৪ উপজেলায় যাচ্ছে 'ন্যাশনাল সার্ভিস কর্মসূচি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে আরও ৬৪টি উপজেলায় ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’ সম্প্রসারণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, এই ৬৪ উপজেলার মধ্যে পার্বত্য চট্টগ্রামের চারটি উপজেলাও (খাগড়াছড়ির দুটি, রাঙামাটি ও বান্দরবানের একটি করে) রয়েছে। তবে উপজেলার নামগুলো এখনো ঠিক করা হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী সবচেয়ে দারিদ্র্যপীড়িত উপজেলাকে নির্বাচন করা হবে।
এই ৬৪ উপজেলায় তিন পর্বে সিদ্ধান্তটি বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এই কর্মসূচির আওতায় তিন মাস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দুই বছরের জন্য স্থানীয় সরকারি দপ্তরগুলোতে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে। চাকরিকালে প্রতিদিন একেকজন ২০০ টাকা করে পাবেন। আর প্রশিক্ষণের সময় পাবেন প্রতিদিন ১০০ টাকা।
সরকার ২০১০ সালে প্রথম পর্যায়ে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চালু করে। সেখানকার ১৯টি উপজেলায় ৫৬ হাজার ৫৪ জন বেকার যুবক ও যুব মহিলাকে অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আরও ৩৭টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হয়। এতে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনকে কাজ দেওয়া হয়। এখন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম—এই তিন পর্যায়ে আরও ৬৪টি উপজেলায় এই কর্মসূচি চালু করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন এলাকায় ২০১৭ সালের ৩০ জুনের আগেই তা শুরু করা হবে। নতুন এলাকা বাড়ানোর ফলে নতুন করে বরাদ্দ দিতে হবে ৩৩০ কোটি টাকা। আর এই কর্মসূচিতে মোট বরাদ্দ হবে ৫৪৪ কোটি ৯০ লাখ টাকা।
গতকাল মন্ত্রিসভার বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সংশোধনের ফলে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প সরকার যখন প্রয়োজন মনে করবে, তখন প্রকল্পটি ওই ব্যাংকের অধীনে নেবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত জুনের পর থেকে এই প্রকল্প ওই ব্যাংকের অধীনে যাওয়ার কথা ছিল।
বৈঠকে জাতীয় জৈব কৃষি নীতি, ২০১৬ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৬-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে গ্রিড আন্তসংযোগের বিষয়ে সমঝোতা স্মারকের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে প্রখ্যাত চিকিৎসক এম আর খানের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ফজলুল আজিম ও আবুল কাশেমের মৃত্যুতেও শোক প্রকাশ করে মন্ত্রিসভা।