আরও ৬৫ আসামির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরের দখল নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেরপুরের আরও ৬৫ আসামি জামিন পেয়েছেন। গতকাল রোববার জামালপুর জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তাঁরা। সংঘর্ষের ঘটনায় এর আগে গত ২২ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭৮ জন আসামি একই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জামিন পাওয়া আসামিদের মধ্যে শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিনও রয়েছেন। জামিন পাওয়া সবার বাড়ি শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর ও শেরপুর জেলার সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা তিন শতাধিক একর আয়তনের একটি চর দখল নিয়ে তিন বছরে জামালপুর সদর উপজেলার পাথালিয়া, গোয়াবাড়িয়া ও নাওভাঙ্গা এবং শেরপুর সদর উপজেলার ভাগলগড়, জঙ্গলদী, ডাকপাড়া ও চুনিয়ারচর গ্রামের কয়েক হাজার বাসিন্দার মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাটসহ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষের ঘটনায় জামালপুর সদর ও শেরপুর সদর থানায় অন্তত ১০টি মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলা উভয় জেলার আদালতে বিচারাধীন রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ফলে দুই জেলার সাতটি গ্রামের বিপুলসংখ্যক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছিলেন না এবং অনেকেই পলাতক ছিলেন।পুলিশ জানায়, এ অবস্থায় গত ২০ সেপ্টেম্বর শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং এবং অপরাধ দমন সভায় শেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে আত্মসমর্পণ করার অনুরোধ জানান। পুলিশ সুপারের এ আহ্বানে সাড়া দিয়ে ২২ সেপ্টেম্বর ৭৮ জন ও গতকাল ৬৫ জন আসামি পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। পরে শেরপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মো. ইদ্রিস আলী ভূঁইয়ার তত্ত্বাবধানে আসামিরা জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হন। আদালত তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।