আরও ৭ দিন রিমান্ডে আবুল খায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আবুল খায়ের ওরফে রশীদ আহমদকে আবার রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল বুধবার দ্বিতীয় দফায় তাঁর সাত দিন রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডি সূত্র জানায়, প্রথম দফা রিমান্ড শেষ হওয়ায় গতকাল খায়েরকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে আবার সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালতের বিচারক সাহেদুল করিম তা মঞ্জুর করেন। খায়েরকে ঢাকায় নিয়ে দ্বিতীয় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরমান আলী।
ব্লগার অনন্ত বিজয়কে (৩২) গত ১২ মে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।