আরও ৭৪ পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ‘আটক-বাণিজ্যের’ অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে কনস্টেবল পর্যন্ত৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার এবং টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
নথি অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা আটকের পর ছেড়ে দেওয়ার বিনিময়ে ২৯০ জনের কাছ থেকে এক হাজার থেকে সর্বোচ্চ ১৪ লাখ টাকা পর্যন্ত নিয়েছেন৷
গত ২৭ মার্চ প্রথম আলোতে ‘১০১ পুলিশের আটক-বাণিজ্য, আয় দেড় কোটি টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ তার পর তৈরি করা এ ধরনের দ্বিতীয় তালিকা এটি।
নথির শিরোনাম ‘বিভিন্ন জেলায় পুলিশ/আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তারের পর অর্থের বিনিময়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া প্রসঙ্গে বিশেষ প্রতিবেদন’। এর সঙ্গে দেওয়া এক চিঠিতে দোষী পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী’ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে জানাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে।
নথিতে কয়েকটি ক্ষেত্রে লেনদেন হওয়া টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি। এই প্রতিবেদক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে টাকার পরিমাণ উল্লেখ করেছেন।
প্রতিবেদনে টাকা লেনদেনের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম, পদবি ও কর্মস্থল, টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ব্যক্তিদের নাম-ঠিকানা বা দলীয় পদ-পরিচয়, মধ্যস্থতাকারীর নাম-পরিচয় এবং টাকার অঙ্ক তুলে ধরা হয়েছে।
কয়েকটি ঘটনা: নথি অনুযায়ী, রাজশাহী নগরের গ্রেটার রোডের ডলফিন ক্লিনিকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, এমন অভিযোগে চার লাখ টাকা উৎকোচ নিয়েছেন বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। ক্লিনিকের চিকিৎসক নওশের আলী প্রথম আলোকে বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল। পরে বলেছে, আপনারা ভুল চিকিৎসা করেছেন, তাই চার লাখ টাকা দিতে হবে। তখন আমরা দিয়ে দিয়েছি।’
জানতে চাইলে ওসি জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘যাদের ভুল চিকিৎসা করেছে, তাদেরকে টাকা দিয়েছে। প্রয়োজনে তদন্ত করে অভিযোগ প্রমাণ করুক।’
ওসি জিয়াউরের বিরুদ্ধে বোয়ালিয়ার সোহেলের কাছ থেকে আট হাজার টাকা, হেতেমখাঁর জিয়াউর রহমান ওরফে জনির কাছ থেকে ২৫ হাজার টাকা, মালোপাড়ার সাইমুম আক্তারের কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
গত ২৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আওয়ামী লীগ-সমর্থক শরিফুল ইসলামসহ পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। জানতে চাইলে শরিফুল বলেন, ‘কে কত দিয়েছে জানি না, তবে আমি ৪২ হাজার ৫০০ টাকা দিয়েছি।’
এ বিষয়ে অভিযুক্ত পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘আমি এখন নওগাঁয় চলে এসেছি।...আমি চলে আসার পর এসব অভিযোগ উঠছে।...এসব অভ্যাস আমাদের নেই।’
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের হালিশহরের শিক্ষক মো. মনিরুলকে গত ৭ জানুয়ারি গাড়ি থেকে নামিয়ে আটক করা হয়৷ এ সময় একজন মাছ ব্যবসায়ীসহ আরও আট-দশজনকে আটক করা হয়। জানতে চাইলে মনিরুল প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করেই আমাদের জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করে। কত টাকা নিয়েছে, তা ওসিকেই জিজ্ঞেস করুন।’
প্রথম আলোর প্রশ্নের জবাবে ওসি মহিউদ্দিন সেলিম বলেন, ‘অন্যায় করেছে বলেই আটক হয়েছে। এরা সবাই জামায়াত-শিবির করে। আমাদের সম্পর্কে মনগড়া রিপোর্ট দেওয়া হয়েছে।’
বরুড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন পাটোয়ারীসহ মোট ৪৭ জনকে গত ৪ ডিসেম্বর আটক করে কুমিল্লার পুলিশ। এ বিষয়ে জসিম প্রথম আলোকে বলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে আটক দুজন নাম না প্রকাশ করে বলেছেন, তাঁরা ১৪ লাখ টাকা দিয়েছেন। এ বিষয়ে ওসি মহিউদ্দিন বলেন, নিরপেক্ষ তদন্ত হলেই প্রমাণ হবে, কে দোষী।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘ওই পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নিজে আমাকে নির্দেশ দিয়েছেন। এখানে তদন্তের কোনো বিষয় নেই, যাঁদের নাম আসছে, সেই অপরাধীরা শাস্তি পাবে।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের অভিমত জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এর আগের প্রতিবেদনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আমরা জানতে চাই৷ এদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছি।’
প্রসঙ্গত, এর আগে গত ১৮ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ‘আটক-বাণিজ্যের’ জন্য ১০১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল৷ কিন্তু পুলিশ সদর দপ্তর তাঁদের মধ্যে মাত্র ২৯ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। সদর দপ্তর দাবি করেছে, প্রাথমিক তদন্তে শুধু তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
এবার যাঁদের বিরুদ্ধে অভিযোগ
রাজশাহী: বোয়ালিয়া মডেল থানার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম; সার্জেন্ট হাসান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ; মো. রেজাউল, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজপাড়া থানা; মো. জাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই), বোয়ালিয়া মডেল থানা৷
নাটোর: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম; এসআই মো. আলাউদ্দিন ও কনস্টেবল মো. ফারুক হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ: পরিদর্শক মো. মিজানুর রহমান, এসআই মো. রজব, এসআই মো. শাহীন, এসআই মো. সাইদুর রহমান, এসআই মো. আইনুদ্দিন। তাঁরা সবাই শিবগঞ্জ থানার কর্মকর্তা৷
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানার এসআই বদিউজ্জামান, এসআই আবু সাদাত, এসআই বারিক, এসআই ফারুক হোসেন, এসআই শরিফুল ইসলাম৷
চট্টগ্রাম: ইমতিয়াজ ভূঁইয়া, পরিদর্শক, িমরসরাই থানা; এএসআই আবদুল কাদির, কোতোয়ািল থানা; এসআই ফজর বিশ্বাস; এসআই মো. আলী; কোতোয়ািল থানার সাবেক ওসি (তদন্ত) সুদীপ কুমার দাশ; ওসি মহিউদ্দিন সেলিম; এসআই হারুনুর রশিদ; এসআই উৎপল বড়ুয়া; পাঁচলাইশ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস; চান্দগাঁও থানার ওসি বাবুল ভৌমিক; পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) আজিজ আহম্মদ; বাকলিয়া থানার সাবেক ওসি নুরুল আবছার; বাকলিয়া থানার ওসি (তদন্ত); পাঁচলাইশ থানার এসআই জাহাঙ্গীর৷
চাঁদপুর: আক্তার হোসেন, এসআই, ফরিদগঞ্জ থানা; দেলোয়ার হোসেন, এএসআই, শাহরাস্তি থানা; শামিম আহমেদ, এসআই, চাঁদপুর সদর; মোরশেদ আলম, এএসআই, ফরিদপুর থানা; জাহাঙ্গীর আলম, এসআই (ডিবি) চাঁদপুর সদর; আবু আবদুল্লাহ, এসআই, ফরিদগঞ্জ থানা; এসআই (ডিবি) জাহাঙ্গীর, চাঁদপুর সদর।
কুমিল্লা: মো. সোহেল, এসআই, ডিবি; মো. জসিম উদ্দিন, এসআই, কোতোয়ালি; মো. হারুন, এসআই কোতোয়ালি; মো. ইকবাল, এসআই, ডিবি; সালাউদ্দিন, এসআই, কোতোয়ালি; ওসি মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে সঙ্গের ফোর্স, কোতোয়ালি; মো. শওকত হোসেন, ওসি, সদর দক্ষিণ; নাসির পাটোয়ারী, এএসআই এবং মনির, এএসআই, বুড়িচং থানা; মো. নাজমুল, এসআই, বুড়িচং থানা; মো. মনির, এসআই, বুড়িচং থানা; হারুনুর রশিদ, ওসি, মনোহরগঞ্জ থানা; মো. কামাল, এসআই, দেবীদ্বার থানা৷
ব্রাহ্মণবাড়িয়া: এএসআই মেহেদী, কনস্টেবল কামাল (তৎকালীন ডিবি, ব্রাহ্মণবাড়িয়া) বর্তমানে সদর থানা ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত; এএসআই জাহাঙ্গীর (তৎকালীন ডিবি, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত, বর্তমানে নারী নির্যাতন মামলায় জেলহাজতে); এসআই জাহাঙ্গীর আলম, ক্যাম্প ইনচার্জ চাতলপাড়, নাসিরনগর।
নোয়াখালী: সদর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার, এসআই আবদুল্লাহ, এএসআই নজরুল, এসআই হাবিব, এসআই রহিম এবং সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন রনি, সদর থানার টিএসআই জহির।
ফেনী: সোনাগাজী উপজেলার আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এএসআই খাজু মিয়া, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং এসআই সালাম।
লক্ষ্মীপুর: এসআই মজিবুর রহমান, লক্ষ্মীপুর সদর থানা; বর্তমান ওসি মোক্তার হোসেন, রামগতি থানা; এএসআই মামুন (চন্দ্রগঞ্জ ফাঁড়ি), সদর৷
মৌলভীবাজার: মো. আনোয়ার মিয়া, এসআই, মৌলভীবাজার মডেল থানা; রিপন চন্দ্র ঘোষ ও কাওসার আহমেদ, এসআই, বড়লেখা থানা; আনজির আহমেদ ও আকরাম হোসেন, এসআই, কমলগঞ্জ থানা; মো. জাহাঙ্গীর সর্দার, এসআই, শ্রীমঙ্গল থানা৷