রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল সোমবার আদালতে আরও ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এই মামলায় ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হলো। আজ মঙ্গলবার এবং আগামী বৃহস্পতি ও রোববার সাক্ষ্য গ্রহণ করা হবে।
কুনিওর ওপর হামলার ঘটনায় আসামি ও জেএমবি নেতা মাসুদ রানাকে শনাক্ত করে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যসহ তিনজন গ্রামবাসী। গতকাল আদালতে তাঁদের এই সাক্ষ্য দেওয়ার কথা নিশ্চিত করেছেন সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক। রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকারের আদালতে এই মামলার বিচারকাজ চলছে।
বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক বলেন, গতকাল যে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাঁরা হলেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলিয়ার রহমান, এসআই দুলাল মিয়া, কনস্টেবল নূরুজ্জামান, নূর আলম ও হাবিবুর রহমান এবং খুনের ঘটনাস্থল সারাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাসুদ রানা, গ্রামবাসী সৈয়দ আলী ও আল ইমরান।
প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানায়, গতকাল সকালে পুলিশি নিরাপত্তায় ৮ জন আসামির মধ্যে গ্রেপ্তার ৫ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁরা হলেন জেএমবির সদস্য মাসুদ রানা, ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেন। এই মামলায় পলাতক আছেন আসামি আহসান উল্লাহ। এ ছাড়া আসামি নজরুল ইসলাম ও সাদ্দাম হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।