আরও ৮৫ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের কারণে বাংলাদেশের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিজিবির সদস্যরা নাফ নদী, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৫ জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, নাফ নদীজুড়ে কোস্টগার্ডের টহল জোরদার রাখা হয়েছে। নদীর মিয়ানমার জলসীমানায় অসংখ্য লোকজনকে নৌকায় ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে। কিন্তু নজরদারি বাড়ানোয় রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারছে না।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২০৮ কিলোমিটার স্থল ও ৬৩ কিলোমিটার জলসীমানা রয়েছে। কয়েক দিন ধরে টেকনাফ ও উখিয়ার সীমান্তের অন্তত ১২টি পয়েন্ট দিয়ে ১৮৭ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নাফ নদী অতিক্রম করে টেকনাফ উপজেলার উনছি প্রাং, ওয়াব্রাং ও দমদমিয়া এলাকা দিয়ে পাঁচটি নৌকা করে ৩১ জন শিশু, ৩০ জন নারী, ১৭ জন পুরুষসহ ৭৮ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তিনি আরও বলেন, নাফ নদী ও পুরো সীমান্ত এলাকায় বিজিবির সতর্ক পাহারা রয়েছে। যারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে, তাদের আটক করে পুনরায় নিজ দেশে ফিরতে বাধ্য করা হয়েছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা দিনের পরিবর্তে রাতের আঁধারে বিভিন্ন পয়েন্টে দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। কিন্তু পুরো জেলার সীমান্ত এলাকায় বিজিবির কড়া সতর্ক রয়েছে।