
সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম ওরফে শিমুল হত্যা মামলার নয় আসামি আজ মঙ্গলবার আত্মসমর্পণ করেছেন। সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন শাহজাদপুরের নলুয়া গ্রামের মানিক মিয়া (২৫), হাছেন কালু মিয়া (২৮), জাহিদুল ইসলাম (৩৬) ও ছোট মানিক মিয়া (২৮), পারকোলা কবরস্থানপাড়ার মো. পীযুষ (৪৫), পোতাজিয়া গ্রামের সিথি কণ্ঠ ঘোষ ওরফে শিমুল (৪৮), পুকুরপাড় গ্রামের নিত্যানন্দ রায় (৪৮), বাড়াবিল মঙ্গলদহ গ্রামের জহির প্রামাণিক (৩২) এবং নলুয়া দক্ষিণপাড়ার রবিউল ইসলাম (৩০)।
শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এসব তথ্য জানিয়েছেন।
গত ২২ আগস্ট শাহজাদপুর আমলি আদালতে এ মামলার আরও সাত আসামি আত্মসমর্পণ করেন। এ নিয়ে এই মামলার ৩০ জন আসামিকে করাগারে পাঠানো হয়েছে। অভিযোগপত্রভুক্ত আরও আটজন আসামি এখনও পলাতক।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর নানি রোকেয়া বেগম।
হাকিমের স্ত্রী নুরুননাহার বেগম ৩ ফেব্রুয়ারি শাহজাদপুর থানায় মামলা করেন। এ ছাড়া সংঘর্ষের দিন আওয়ামী লীগের এক পক্ষও একটি মামলা করে। দুটি মামলাতে ১৮ ও ১১ জন করে ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পরে নুরুননাহারের করা মামলার তদন্ত কর্মকর্তা শাহজাদপুর থানার তৎকালিন পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সময়ের ভিডিও ফুটেজ দেখে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন।