
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অবরোধের ঘটনায় নিহতের সংখ্যায় যোগ হলো আরও নয়জন। গতকাল মঙ্গলবার সাতক্ষীরায় তিনজন, চট্টগ্রামে দুজন, চাঁদপুরে দুজন ও নোয়াখালীতে একজন প্রাণ হারিয়েছেন। আর সোমবার রাতে সীতাকুণ্ডে নিহত হন একজন। দুই দফার অবরোধে এক দিনের ব্যবধানে এটিই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। এঁদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পাঁচজন।
এ নিয়ে গত শনিবার শুরু হওয়া দ্বিতীয় দফার অবরোধে মোট ১৯ জন নিহত হলেন। এর আগে ২৬ নভেম্বর থেকে ৭১ ঘণ্টার অবরোধে প্রাণ হারান ২২ জন। সাত দিনের অবরোধে নিহতের সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
অবরোধে গতকালও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, রেললাইনে নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাজধানীতে ছিল বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের ঘটনা। নাশকতার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা নিহত তিনজনের মধ্যে দুজন ছাত্রশিবিরের কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে এবং বালু ও মাটির ঢিবি করে অবরোধের সৃষ্টি করেন। সকাল সাতটার দিকে অবরোধ সরাতে পুলিশ-বিজিবি সখীপুর মোড়ে পৌঁছলে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ-বিজিবিও গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে শিবিরের কর্মী হোসেন আলী (১৪) মারা যায়। পরে যৌথ বাহিনী গরানবাড়িয়ায় পৌঁছলে জামায়াত-শিবিরের কর্মীরা সেখানেও ইটপাটকেল ছোড়েন এবং ককটেল ফাটান। পুলিশ-বিজিবি গুলি চালালে শিবিরের কর্মী আরিজুল ইসলাম (১৬) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সাতক্ষীরার কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, তিনি লোকমুখে দুজনের মৃত্যুর কথা শুনেছেন।
সাতক্ষীরায় নিহত আরেকজনের নাম মো. গিয়াসউদ্দিন। তিনি যুবলীগের কর্মী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গিয়াসউদ্দিন ও নাজমুল হক বিকেলে মোটরসাইকেলে করে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরে যাচ্ছিলেন। তালবাড়িয়া এলাকায় জামায়াতের কর্মীরা গতিরোধ করে তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই গিয়াসউদ্দিনের (৩০) মৃত্যু হয়। পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেলটিও। এ ছাড়া কালীগঞ্জের ভাড়াশিমুলিয়ায় জামায়াত ও পুলিশ-বিজিবি সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত হয়েছেন শরিফুল ইসলাম ওরফে রাসেল (২০)। তিনি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের নিরাপত্তায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড থেকে শতাধিক গাড়ি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। শুকলালহাট এলাকায় ওই গাড়িবহরে হামলা চালান অবরোধ-কারীরা। পুলিশ গুলি চালালে শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শরিফুলের ভাই রফিকুল ইসলাম দাবি করেন, বাড়বকুণ্ড এলাকায় এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শরিফুল ও তাঁর কয়েকজন বন্ধু। সেখান থেকে ফেরার পথে পুলিশ তাঁদের অবরোধকারী মনে করে গুলি ছোড়ে।
তবে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ আটটি গুলি ছোড়ে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শুনেছি।’
চট্টগ্রাম নগরের ইপিজেড সল্টগোলা রেলক্রসিং এলাকায় অবরোধকারীদের ধাওয়ার মুখে পড়েন ট্রাকচালক মাহবুব। এ সময় ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমাও ছোড়া হয়। দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক মাহবুবের (২৫) মৃত্যু হয়। দগ্ধ হন তাঁর দুই সহকারী সুমন কুমার দাশ (৩৮) ও মিজান (২০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে গতকাল সন্ধ্যায় মিজান মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় মিছিল করেন অবরোধকারীরা। জে এন সেনগুপ্ত রোড এলাকায় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ ধাওয়া দিলে কয়েকটি ককটেল ফাটানো হয়। পরে পুলিশ গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় ছাত্রদলের কর্মী তাজুল ইসলাম (২৪) ও শিবিরের কর্মী সিয়াম মস্তান (১৪) গুলিবিদ্ধ হয়। আহত হন আরও ১৫ জন। আহত ব্যক্তিদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাজুল ও সিয়ামকে মৃত ঘোষণা করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফরের দাবি, জামায়াত-শিবিরের মিছিল থেকেই এ ধরনের সহিংস ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাজুল চাঁদপুর সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র এবং সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আনোয়ারুল্লাহ পাটোয়ারীর ছেলে। আর সিয়াম চাঁদপুর শহরের মুজিবুর রহমানের ছেলে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার চাঁদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।
নোয়াখালী শহরের দত্তেরহাট এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পুলিশের ফাঁকা গুলির শব্দ শুনে বিএনপির সমর্থক আবদুস সালাম (৭০) দৌড়ে পালাতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমানের দাবি, পুলিশ অবরোধকারীদের ধাওয়া করেনি, গুলিও ছোড়েনি।
চট্টগ্রামের মিরসরাইয়ে ভোরে রেললাইনের ১২৬ ফুট ফিশপ্লেট উপড়ে ফেলেন অবরোধকারীরা। উপজেলার বড়তাকিয়া স্টেশন থেকে তিন কিলোমিটার উত্তরে এবং মিরসরাই স্টেশন থেকে দেড় কিলোমিটার দক্ষিণে নোয়াপাড়া ১৪৬ নম্বর ভবানী রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের সাড়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
রাজধানীতে অবরোধ: গতকাল দুপুর সোয়া ১২টার দিকে গাবতলীতে ‘সাধারণ পরিবহন শ্রমিকবৃদ্ধ’ ব্যানারে অবরোধবিরোধী মিছিল থেকে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়।
যাত্রাবাড়ীতে মিছিল করে নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ সাতজনকে ধরে ফেলে। এ সময় তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তাঁদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল, চার বোতল পেট্রল ও প্রচুর পটকা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। সন্ধ্যার দিকে কারওয়ান বাজার এলাকায় পর পর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে শাহবাগে ককটেল বিস্ফোরণে একজন আহত হন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]