আরও ৯ মামলায় হল-মার্কের জেসমিন-তানভীরের বিচার শুরু
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা আরও নয়টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এসব মামলায় বিচার শুরু হলো।
আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আদালত আগামী ২১ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। একই সঙ্গে মামলাগুলোর বিচার নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-১-পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আদালতে উপস্থিত জেসমিন ও জামাল উদ্দিন এবং কারাগার থেকে আনা তানভীর আহমেদ ও তোষার আহমেদসহ ছয়জন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় ২০১২ সালে ৩৮টি মামলা করা হয়। এর মধ্যে তদন্ত শেষে ২০১৪ সালে ১১টি মামলায় অভিযোগপত্র দেয় দুদক। গত ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ হয়। ১৭ ফেব্রুয়ারি দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অবৈধভাবে অর্থ লেনদেন ও পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অপরাধে বাকি নয়টি মামলায় আজ অভিযোগ গঠন করা হয়েছে।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট ৩৮টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে প্রায় ৩৭২ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৭টি মামলা করা হয়। গত বছরের ৭ অক্টোবর ফান্ডেড (স্বীকৃত বিলের বিপরীতে দায়) এক হাজার ৫৬৮ কোটি ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে ১১টি মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়। এসব মামলার সব কটিতেই জেসমিন ইসলাম আসামি।
হল-মার্কের পক্ষে মামলা পরিচালনা করেন এসানুল হক সমাজী। তিনি প্রথম আলোকে বলেন, আসামি পক্ষেÿমামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, আদালত কোন যুক্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন তা আদেশের অনুলিপি পাওয়ার পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে।