আরও ৯৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আরও ৯৪ জন গত চার দিনে স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছে। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২৯০ জন রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একাধিক কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এ পর্যন্ত ৩৮৪ জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছে। এর মধ্যে মার্চ মাসের প্রথম চার দিনে ফিরে গেছে ৯৪ জন। সর্বশেষ গতকাল সন্ধ্যায় একটি নৌকায় করে ৩১ জন রোহিঙ্গা (১০ নারী, ৮ শিশু ও ১৩ পুরুষ) ফেরত গেছে। শিবিরে অবস্থানরত রোহিঙ্গারা ফেরত যেতে চাইলে তাদের বাধা দেওয়া হচ্ছে না। তবে অনুপ্রবেশের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে।
বিজিবি সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধের ঘোষণা দেয় সে দেশের সরকার। এরপর ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার খবরে বহু রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া থেকে মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছে। গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্তচৌকিতে সন্ত্রাসী হামলার পর রাখাইন রাজ্যে অভিযান শুরু করে সে দেশের সেনাবাহিনী ও পুলিশ। দমন-পীড়ন ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে গত কয়েক মাসে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, ‘ঠেঙ্গারচরে পানিতে ডুবে মরার চাইতে মিয়ানমারে ফিরে গিয়ে মগদের হাতে মরা অনেক ভালো।’ তাঁর দাবি, লেদা শিবির থেকে গত জানুয়ারি মাস থেকে ৪ মার্চ পর্যন্ত দেড় হাজারের মতো রোহিঙ্গা মিয়ানমারে ফেরত গেছে। যারা ফেরত গেছে, তাদের গ্রামে (মিয়ানমারের রাখাইন রাজ্যে) বড় কোনো হামলার ঘটনা ঘটেনি। ফেলে আসা জায়গা-জমি, ধন-সম্পদের আশায় তারা ফিরে গেছে। আরও অনেকে ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছে।
টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচরে পুনর্বাসন করা হবে বলে বেশ কিছুদিন ধরে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে। অবশ্য বিভিন্ন আশ্রয় শিবিরের রোহিঙ্গা নেতারা ঠেঙ্গারচরে যেতে তাদের আপত্তির কথা সাংবাদিকদের বলেছে। নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে ঠেঙ্গারচর এখনো বাসযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে।
উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক বলেন, রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে পাঠানোর কথা প্রচারিত হওয়ায় শিবিরে আতঙ্ক দেখা দিয়েছে। এখন শিবিরগুলোতে গণনা চলছে। এ কারণে অনেকে মিয়ানমারে ফেরত যাচ্ছে। তাঁর দাবি, এ পর্যন্ত উখিয়ার কুতুপালং ও বালুখালী শিবির থেকে প্রায় সাড়ে তিন হাজার রোহিঙ্গা ফেরত গেছে।