আরও 'তিনজনের' নাম বলেছেন শফিক রেহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদে সাংবাদিক শফিক রেহমান আরও অন্তত ‘তিনজনের’ নাম বলেছেন বলে পুলিশ দাবি করেছে।
গতকাল রোববার সকালে অনির্ধারিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, শফিক রেহমান যে তিনজনের নাম বলেছেন, তাঁদের সম্পৃক্ততার ব্যাপারে পুলিশ যাচাই-বাছাই করছে। যথেষ্ট প্রমাণ পেলে তাঁদের আইনের আওতায় আনা হবে। তখন ওই তিনজনের নাম প্রকাশ করা হবে।
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে শফিক রেহমান জানিয়েছেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ সংগ্রহে পারিশ্রমিক হিসেবে (এফবিআই প্রতিনিধি রবার্ট লাস্টারকে) ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হয়েছে। কিছু টাকা শফিক রেহমানের নামে পরিশোধ করা হয়েছিল। যদিও এই টাকা তিনি দেননি। তবে তিনি টাকার উৎস সম্পর্কে বলেছেন।
মনিরুল বলেন, শফিক রেহমানের বাসা থেকে মামলাসংক্রান্ত যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে, সেগুলো যথাসময়ে আদালতে দাখিল করা হবে।