আরও 'মত্স্যজীবী' রাজনীতিবিদ
দেশের মত্স্য খামারগুলোর বেশির ভাগই আছে গ্রামাঞ্চলে। ইউনিয়ন পরিষদ থেকে পাঁচ শ থেকে পাঁচ হাজার টাকায় যে কেউ চাইলে একটি ট্রেড লাইসেন্স নিতে পারে। ১৫০ টাকার স্ট্যাম্পে মূল খামারীর সঙ্গে একটি চুক্তি করে নিলেই বনে যাওয়া যায় খামারী। ভুয়া নাম দিয়ে শত শত খামারের হিসাব দিলেও ধরার উপায় নেই।
এই খাতে বিনিয়োগ করে অনেক সাংসদই বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। এর ফলে নিজ নামে এবং স্ত্রী ও নির্ভরশীলদের নামে প্রচুর টাকার বন্ড কিনতে হয়েছে। এই বন্ডের হিসাবও হলফনামায় দেখানো আছে। এর ফলে সাংসদদের স্ত্রীরাও মত্স্যচাষি হয়ে গেছেন।
নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম হলফনামায় মত্স্য চাষ থেকে ৪৩ লাখ ২০ হাজার টাকার সম্পদ দেখান। ২০০৮ সালে এই খাতে আয় ছিল না এবং তাঁর কোনো বন্ড কেনা ছিল না। কিন্তু এখন বন্ড ও ঋণপত্র কেনা হয়েছে ১১ লাখ টাকার।
নজরুল ইসলাম দাবি করেন, ১৯৯৬ সাল থেকে তাঁর মাছের ব্যবসা আছে। গতবারের হলফনামায় তাহলে এর উল্লেখ নেই কেন? তাঁর জবাব, এটা দেখে বলতে হবে। তিনি জানান, তাঁর দুটো নিজস্ব এবং পাঁচটি চুক্তিতে মাছের খামার আছে।
চাঁদপুর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া হলফনামায় মত্স্য খাতে নিজের সম্পদ ৭৩ লাখ ৯৮ হাজার টাকা ও স্ত্রীর আয় ৮৫ লাখ ৪০ হাজার টাকা দেখান। ২০০৮ সালে এই খাতে তাঁর কোনো আয় ছিল না। এবার তাঁর স্ত্রী ও নির্ভরশীলের নামে দুই কোটি ১২ লাখ টাকার বন্ড কেনা আছে। আগে কেনা বন্ডের পরিমাণ ছিল ৩৯ লাখ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় নয়, মৌলভীবাজরের জুড়িতে তাঁর সাগরনাল হ্যাচারি অ্যান্ড ফিশারিজ নামে একটি মাছের খামার আছে। এখানে উত্পাদন শুরু হয় ২০০৮ সালে।
রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ সাংসদ শাহরিয়ার আলমের স্ত্রীর নামে মত্স্য খামার থেকে অর্জিত সম্পদ দেখানো আছে ৪০ লাখ ৭০ হাজার ২৪৩ টাকার। ২০০৮ সালে তাঁর নিজেরও এই খাত থেকে কোনো আয় ছিল না।
যোগাযোগ করা হলে শাহরিয়ার আলমের আইনজীবী সালেকীন বলেন, ওই মাছের খামার নেত্রকোনার হাপানিয়া গ্রামে। কিন্তু কতটুকু জমি, কোথায় এই খামার তার বিস্তারিত জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি।
কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার হলফনামায় মত্স্য খামার থেকে ছয় লাখ টাকা আয় দেখিয়েছেন। রামু উপজেলার কাউয়ারকূপ গ্রামে ১০ একরের একটি মত্স্য খামার আছে তবে সেখানে মাছ উত্পাদন হচ্ছে না। সাংসদ জানান, খামারটি তিনি ছয় লাখ টাকায় ভাড়া দিয়েছেন।
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। এবারের হলফনামায় মত্স্য খাতে ২৯ লাখ ৯৫ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘যারা আমার আয়কর দেখে, তারা জানে কোথায় খামার আছে। আমি জানি না।’
চট্টগ্রাম-৮ আসনের একমাত্র প্রার্থী জাসদের মঈন উদ্দিন খান বাদল এবার মত্স্য খাত থেকে পাঁচ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন। গতবারের হলফনামায় এই খাত থেকে কোনো আয় দেখানো হয়নি। জানতে চাইলে তিনি বলেন, ‘তিনটি পুকুর থেকে সামান্য কিছু আয় হয়। এটা উল্লেখ করার মতো কিছু নয় বলে আগে করিনি।’
হলফনামায় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে চা বাগান, রাবার বাগান ও মত্স্য এই তিনটি ক্ষেত্রকে এক জায়গায় দেখানো হয়েছে। কয়েকজন সাংসদ সুনির্দিষ্ট কোন ক্ষেত্র থেকে আয় করেন, তা স্পষ্ট করেননি। তিনটি খাতের মধ্যে ঠিক কোন খাতে আয় করেন জানতে চাইলে চট্টগ্রাম-১০ থেকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী আফসারুল আমিন ক্ষুব্ধ হয়ে বলেন, ‘আপনারা যা পারেন লেখেন।’ তাঁকে কয়েকবার জিজ্ঞেস করা হলেও তিনি এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। তাঁর হলফনামায় এই তিন খাতের একত্রে আয় দেখানো হয়েছে ৪৩ লাখ ৭২ হাজার টাকা। ২০০৮ সালে এই খাতে কোনো আয় ছিল না।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদারের হলফনামায় স্থাবর সম্পত্তির হিসাবটি নেই। ওই স্থাবর সম্পত্তির ঘরেই মত্স্য খামার আছে কি না, তার উল্লেখ থাকে। তবে তাঁর বার্ষিক আয়ের উত্স হিসেবে মত্স্য খাতকে দেখানো হয়েছে। জানতে চাইলে কামাল মজুমদার বলেন, এস এস এগ্রো নামে ধামরাইয়ে মাছের খামার আছে। এটি ১৯৮৮ সাল থেকে চালু আছে।
ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরদাইল গ্রামে এস এস এগ্রোতে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সেখানে বিশাল জায়গাজুড়ে চাষাবাদ হয়। একটি ছোট পুকুরও আছে।
খাগড়াছড়ির আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার একটি মত্স্য খামার থেকে আয় দেখিয়েছেন দুই লাখ টাকা। গত নির্বাচনে তিনি মনোনায়ন জমা দিলেও নির্বাচন করেননি। হলফনামায় দেখা গেছে, মত্স্য খাতে গতবার তাঁর কোনো আয় ছিল না। তাঁর দাবি, খাগড়াছড়ির দীঘিনালায় জামগড়ে তাঁর একটি বড় দীঘি আছে। কিন্তু ভুল করে তিনি সেটি গতবার উল্লেখ করেননি।
খুলনা-১ আসনে গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ ননী গোপাল মণ্ডল এবার স্বতন্ত্র প্রার্থী। এবার তিনি মত্স্য খাতে বছরে দুই লাখ টাকা আয় দেখিয়েছেন। এই আসনে এবারের আওয়ামী লীগ প্রার্থী পঞ্চানন বিশ্বাস একটি মত্স্য খামারের কথা উল্লেখ করেছেন। এ খাতে তাঁর আয় ৬০ হাজার টাকা। খুলনা-৫ আসনে নারায়ন চন্দ্র চন্দের ২০০৮ সালে মত্স্য খাতে কোনো আয় না থাকলেও এবার বছরে ৪৮ হাজার এবং এই খাতে নির্ভরশীলদের আয় ৭৮ হাজার টাকা দেখিয়েছেন।
মৌলভিবাজার-৪ আসনের প্রার্থী চিফ হুইপ আবদুস শহীদ চা বাগান, মত্স্য খামার ও রাবার বাগান থেকে একত্রে আয় দেখিয়েছেন তিন লাখ ২৫ হাজার টাকা।
কক্সবাজার-১ থেকে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মাদ ইলিয়াস তাঁর নির্বাচনী হলফনামায় সরকার থেকে ইজারা পাওয়া ২০ একর জমির কথা উল্লেখ করলেও এ থেকে আয়ের কোনো উল্লেখ করেননি। তবে যোগাযোগ হলে তিনি জানান, এখান থেকে তাঁর বছরে পাঁচ-ছয় লাখ টাকা আয় হয়।
কুমিল্লা-১ এর প্রার্থী সুবিদ আলী ভূঁইয়া মত্স্য ও কৃষি খাত থেকে সমন্বিত আয় দেখিয়েছেন এক লাখ তিন হাজার টাকা। ২০০৮ সালের নির্বাচনে শুধু কৃষি খাতে ৭০ হাজার টাকা আয় ছিল।
নরসিংদী-৪ এর সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সরকারের কাছ থেকে ইজারা প্রাপ্ত মত্স্য খামার করেন। গতবারের নির্বাচনের হলফনামাতেও এর উল্লেখ ছিল। কিন্তু কোনো আয়ের কথা উল্লেখ ছিল না। এবারের হলফনামায় এই খাতে তিন লাখ ৭৮ হাজার টাকা আয়ের কথা উল্লেখ আছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সাংসদ ওবায়দুল র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী মত্স্য থেকে আয় দেখিয়েছেন তিন লাখ টাকা। তিনি ২০১১ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে সাংসদ হন। তখন এ খাতে ৯০ হাজার টাকা বাত্সরিক আয় দেখানো হয়।
ঠাকুরগাঁও-২ আসনে দবিরুল ইসলাম তিন লাখ টাকা পান মত্স্য খামার থেকে। দিনাজপুর-৫ এর সাংসদ মোস্তাফিজুর রহমান গতবারও মত্স্য খাত থেকে আয় করতেন, এবারও করেন।
আয়ের উত্স হিসেবে মত্স্য খাতকে দুই নির্বাচনেই উল্লেখ করেছেন এমন সাংসদের মধ্যে আছেন ময়মনসিংহ-১১ আসনের মো. আমানউল্লাহ। তিনি সারাহ ফিশারিজের মালিক। গত নির্বাচনের সময় আয় দেখান ১৫ লাখ টাকা, এবার ২৫ লাখ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আজহারুল হক, নবাবগঞ্জ, অরূপ রায়, সাভার, আসিফ হোসেন, নারায়ণগঞ্জ, শরফুদ্দিন কাশ্মীর, মিরসরাই, সুমন্ত চক্রবর্তী, খুলনা, আলম পলাশ, চাঁদপুর, কল্যাণ প্রসূণ, জুড়ি এবং সুমেল সরাফাত, মংলা)।