আরটিভির দুই সংবাদ কর্মী চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির দুই সংবাদকর্মীকে গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন প্রতিবেদক তামজিদ ও প্রশান্ত মোদি। পরে আদালতের মাধ্যমে তাঁদের চার দিন করে রিমান্ডে নেওয়া হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মহসিন আলম বলেন, অবরোধ-সমর্থকের ককটেল বিস্ফোরণ ঘটাতে উদ্বুদ্ধ ও প্ররোচিত করেছেন আরটিভির প্রতিবেদক তামজিদ ও ক্যামেরাম্যান প্রশান্ত। তবে আরটিভির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অবরোধ-সমর্থকের খবর সংগ্রহ করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরটিভির কর্মীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেদক তামজিদ ক্যামেরাম্যান প্রশান্ত মোদিকে নিয়ে কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় যান। সেখানে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। তখন তাঁরা ভিডিওচিত্র ধারণ করছিলেন। একপর্যায়ে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন স্থানীয় আওয়ামী লীগের লোকেরা তাঁদের আটকে রাখেন এবং পুলিশ থানায় নিয়ে যায়।
তবে কামরাঙ্গীরচর থানার ওসি প্রথম আলোকে বলেন, ‘অবরোধ-সমর্থকেরা একটি ককটেল ফাটালে আরটিভির দুই সাংবাদিক তাঁদের উদ্বুদ্ধ করে বলেন, ‘একটা ফুটালে হবে না ,আরেকটা ফুটা।’ তাঁরা আবার এ ভিডিওচিত্র ধারণও করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের পিটুনি দিতে থাকেন। কামরাঙ্গীরচর থানার পুলিশ জনরোষ থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, মামলার বাদী স্থানীয় রড-সিমেন্ট ব্যবসায়ী শাহ আলম। অবশ্য পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেন, আইন প্রতিমন্ত্রীর নির্দেশে পুলিশ এই মামলা নিতে বাধ্য হয়েছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরটিভির দুই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে। ইউনিয়নের নেতারা এক বিবৃতিতে বলেন, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। এ ধরনের ঘটনা গণতন্ত্রের ভিত্তিকে আরও দুর্বল করবে।