আরটিভির দুই সংবাদকর্মী জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির দুই সংবাদকর্মী গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। তাঁরা হলেন আরটিভির প্রতিবেদক তানজিব ও ক্যামেরাপারসন প্রশান্ত মোদক।
পুলিশ গতকাল এই দুই সংবাদকর্মীকে আদালতে হাজির করলে ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া তাঁদের জামিনে মুক্তির আদেশ দেন। পরে তাঁদের আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, ১৮-দলীয় জোটের অবরোধে গত রোববার কামরাঙ্গীরচর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ছবি ধারণ করতে গেলে আরটিভির প্রতিবেদক তানজিব ও ক্যামেরাপারসন প্রশান্তকে আটক করে পুলিশ। অবরোধকারীদের ককটেল বিস্ফোরণে প্ররোচিত করার অভিযোগে এই দুজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন স্থানীয় এক ব্যক্তি। ওই মামলায় পুলিশ তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ডের শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ অভিযোগের বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় গতকাল তাঁদের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।