আরডিএ কোষাধ্যক্ষের মেয়ের প্লটের বরাদ্দ বাতিল
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের মেয়ে সোহানা পারভীনের নামে কেনা প্লটের বরাদ্দ বাতিল করেছে আরডিএ কর্তৃপক্ষ। চেক জালিয়াতির মাধ্যমে এখলাছ উদ্দিনের আত্মসাৎ করা টাকায় আরডিএর চন্দ্রিমা আবাসিক এলাকার ওই প্লট কেনার অভিযোগে তা বাতিল করা হয়েছে।আরডিএ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে প্লটে স্থাপনা তৈরি না করায় এবং বাবার আত্মসাতের টাকায় কেনার অভিযোগে প্লটের বরাদ্দ বাতিল করে গত মঙ্গলবার সোহানা পারভীনকে চিঠি পাঠায় আরডিএ। একই সঙ্গে ওই প্লট এবং সেখানে নির্মাণাধীন বাড়িটি আরডিএ নিজেদের দখলে নিয়েছে।চেক জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে গত ১ মার্চ আরডিএর কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২ মার্চ তিনি আত্মসাৎ করা দুই কোটি টাকা ফেরত দেন। একই সঙ্গে তাঁর কাছে আরও টাকা পাওয়া গেলে তা ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন। কিন্তু এরপর ৮ মার্চ তিনি গা ঢাকা দেন। ওই দিন রাতে আরডিএ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।আরডিএ সূত্র জানায়, সোহানা পারভীনের নামে ২০০৪ সালের ১৯ এপ্রিল চার লাখ ৮০ হাজার টাকা মূল্যে চন্দ্রিমা আবাসিক এলাকায় একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। তদন্ত কমিটি অনুসন্ধানে জানতে পারে, সোহানা পারভীন গৃহিণী। তাঁর নিজের আয়ের কোনো উৎস নেই। কাজেই প্লট কেনার ওই টাকা এসেছে তাঁর বাবার আত্মসাৎ করা টাকা থেকে। এ ছাড়া সোহানা পারভীন এনসিসি ব্যাংকের রাজশাহী শাখা থেকে ৮০ লাখ টাকা ঋণ নিয়ে ওই প্লটে একটি বহুতল বাড়ির নির্মাণকাজ শুরু করেছেন। ইতিমধ্যে ঋণের ৪০ লাখ টাকা ওঠানো হয়েছে। সেই টাকায় বাড়ির তৃতীয় তলার নির্মাণকাজ চলছে। ওই ব্যাংকঋণের জামিনদার এখলাছ উদ্দিন। তাঁর নামে এনসিসি ব্যাংকে কোটি টাকা স্থায়ী আমানত (এফডিআর) করা আছে। তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে, মেয়ের প্লট কেনা ও ঋণের ব্যবস্থা—সবই এখলাছ উদ্দিন করেছেন। তদন্ত কমিটির প্রধান আবুল কালাম আজাদ গত রোববার প্রথম আলোকে বলেন, তদন্তে এ পর্যন্ত প্রায় সাত কোটি টাকা জালিয়াতির বিষয় ধরা পড়েছে।প্লটের বরাদ্দ বাতিলের বিষয়টি নিশ্চিত করে আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম গত রোববার প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন বাড়িসহ ওই প্লটের দাম এখন প্রায় এক কোটি টাকা। প্লট ও বাড়ি নিজেদের দখলে নেওয়ার মাধ্যমে এখলাছ উদ্দিনের কাছ থেকে আরডিএর আরও প্রায় এক কোটি টাকা উদ্ধারের ব্যবস্থা হলো। তবে সোহানা পারভীন দাবি করেন, তাঁর স্বামী চাকরি করেন। এ ছাড়া ওই প্লট কেনার জন্য তিনি শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি থেকে পাওয়া গয়না বিক্রি করেছেন। সেই সঙ্গে তাঁর স্বামী ও শ্বশুর কিছু আর্থিক সহযোগিতা করেছেন। জমি কিনতে তিনি বাবার কাছ থেকে কোনো টাকা নেননি। ঋণের পরিমাণ বেশি হওয়ায় বাবাকে শুধু জামিনদার করেছেন। এদিকে, বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার আরডিএকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে এখলাছ উদ্দিন এবং তাঁর আত্মীয়স্বজনের ব্যাংক হিসাবের লেনদেনের বিবরণ ও স্থিতি জানাতে বলা হয়। এ ছাড়া হিসাব জব্দ করতে সংশ্লিষ্ট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।