
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) আবাসিক প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান বজলুর রহমানসহ জড়িত কর্মকর্তাদের অবিলম্বে অপসারণের দাবিতে গতকাল রোববার রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচিতে নগরের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের দুর্নীতিবাজ ব্যক্তিকে আরডিএর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় রাখলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ম্লান হয়ে যাবে। বক্তারা বলেন, রাজশাহীকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৮ সালে গঠন করা হয় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। চার দশকেও এটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ধারাবাহিকভাবে লুটপাট করা হয়েছে। সর্বশেষ প্লট বরাদ্দের নামে কেলেঙ্কারি করেছেন চেয়ারম্যান বজলুর রহমান। প্লট কেলেঙ্কারি ও নিয়োগ-দুর্নীতি ছাড়াও আরডিএর অভ্যন্তরে দুর্নীতি ও অনিয়মের কারণে সরকারি এ সংস্থাটি সমালোচনার মুখে পড়েছে। দুর্নীতির চিত্র বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করায় সাংবাদিকদের ফৌজদারি ও দেওয়ানি মামলার হুমকি দিয়ে উকিল নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে।
বক্তারা বলেন, নিজের দুর্নীতি ঢাকতে চেয়ারম্যান সাংবাদিকদের বিরুদ্ধে নেমেছেন। বক্তারা চেয়ারম্যানকে দুর্নীতিবাজ উল্লেখ করে তাঁর অপসারণ দাবি করেন। একই অভিযোগে তাঁরা ভূসম্পত্তি কর্মকর্তা বদরুজ্জামানেরও শাস্তির দাবি জানান। পাশাপাশি বনলতা প্রকল্পের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের নামে প্লটের বরাদ্দ বাতিল করে কোটা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে নতুন করে বরাদ্দ দেওয়ার দাবি জানান তাঁরা।
তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বক্তারা খুব শিগগির আরডিএ ভবন ঘেরাওসহ লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, লেখক সাংবাদিক প্রশান্ত শাহা, মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, আইনজীবী এন্তাজুল হক, পরিষদের যুগ্ম সম্পাদক মঞ্জুর হাসান, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, নারী শিল্প উদ্যোক্তা চেয়ারম্যান সেলিনা বেগম, লেখক শাহ মোহাম্মদ জিয়া উদ্দিন, বেনেতি ব্যবসায়ী সমিতির সহসভাপতি মহেষ চন্দ্র সরকার, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, রাজশাহী মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আবদুল মতিন, মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে আরডিএর চেয়ারম্যান বজলুর বলেন, তাঁর বিরুদ্ধে আন্দোলনের কথা তিনি শুনেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য থাকলেও তিনি বলবেন না, যা বলার জায়গামতো বলবেন।