আরডিএ মার্কেটের ফাটল আদালত অবধি গড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের আরডিএ মার্কেটের ফাটল আদালত পর্যন্ত গড়াল। ফাটল নজরে আসার পর থেকে সাময়িকভাবে বন্ধ থাকা বিপণিবিতানটি গত বৃহস্পতিবার থেকে পুনরায় খুলে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ জানমাল রক্ষার স্বার্থে আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করেছে।নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান আরডিএ মার্কেটের জান-মালের নিরাপত্তার প্রশ্নে বিপণিবিতান খোলার বিষয়ে সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন। ওই দিন বিকেল পর্যন্ত আদালত এ ব্যাপারে কোনো নির্দেশ দেননি। এতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল আরডিএ মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ফাটল দেখা যায়। এরপর বিপণিবিতানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি তদন্তের জন্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১ মে ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো তারা কোনো প্রতিবেদন দেয়নি। এ অবস্থায় বৃহস্পতিবার ব্যবসায়ীরা বিপণিবিতানটি চালু করেছেন।তারিকুল ইসলাম জানান, তাঁরা বিপণিবিতানটি পরিদর্শন করেছেন। প্রতিবেদন তৈরিতে আরও কিছু সময় লাগবে। এদিকে ব্যবসায়ীরা বিপণিবিতান খোলার দাবিতে আরডিএ মার্কেটের ফটকের সামনে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন। পরে তাঁরা রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে দেখা করেন।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফ আলী জানান, ব্যবসায়ীদের দুরবস্থার কথা বিবেচনা করে বিপণিবিতানের প্রথম থেকে তৃতীয় তলা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে চতুর্থ তলার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই তলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজশাহী নগরের ব্যস্ততম এলাকা সাহেববাজার। এর প্রাণকেন্দ্রেই আরডিএ মার্কেটটি অবস্থিত। এতে প্রায় দুই হাজার দোকান রয়েছে। সারা দিনে এখানে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তিনতলার ভিত দিয়ে তার ওপর অবৈধভাবে চারতলা করার কারণেই বিপণিবিতানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। তদন্ত করে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য গত বুধবার পর্যন্ত বিপণিবিতানটিবন্ধ করে দেওয়া হয়েছিল।