চাকরির পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও বর্তমান অর্থ উপদেষ্টা আবদুর রব জোয়ারদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই মর্মে একটি আদেশ আরডিএর কার্যালয়ে পৌঁছেছে।কিন্তু যে কর্মকর্তার নিয়োগ অবৈধ বলে দুদক মামলা করেছে, সেই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর নাম শেখ কামরুজ্জামান। তিনি বর্তমানে আরডিএর এস্টেট অফিসারের দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অকৃতকার্য হয়েও সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০০৫ সালে এ ঘটনার তদন্ত হয়। গত ১৭ জুলাই দুদক আবদুর রব ও ত ৎকালীন চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে মামলা করে। কিন্তু অবৈধভাবে নিয়োগ পাওয়া শেখ কামরুজ্জামানকে মামলায় জড়ানো হয়নি।২০০৫ সালের তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, সহকারী প্রকৌশলী পদে ১৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে পাঁচজন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় কামরুজ্জামানের নাম ছিল না। পাস নম্বর ৩৩ এর বিপরীতে তিনি পেয়েছিলেন ২৪। পরে আরডিএর ত ৎকালীন চেয়ারম্যান আবদুল মান্নানের এক আদেশে লিখিত পরীক্ষা বাতিল করা হয়। মৌখিক পরীক্ষায় শেখ কামরুজ্জামানকে সর্বোচ্চ ৬৬ নম্বর দেওয়া হয়। প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে, বিধিবিধান লঙ্ঘন করে সহকারী প্রকৌশলী পদে কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।এ ব্যাপারে গত ১৭ জুলাই দুদকের রাজশাহী কার্যালয়ের সাবেক উপপরিচালক এবং বর্তমানে পাবনা জেলায় কর্মরত আবদুল করিম বাদী হয়ে নগরের শাহ মখদুম থানায় মামলা করেন। পরে আরডিএর আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টা আবদুর রব জোয়ারদারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম আদেশটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।আবদুর রব জোয়ারদার বলেন, তিনি তাঁর নিয়োগ বাতিলের কথা শুনেছেন। অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা একটা আজব দেশ। দুদকের রাজশাহী কার্যালয়ের সাবেক উপপরিচালক ও মামলার বাদী আবদুল করিম বলেন, মামলার তদন্ত পর্যায়ে তাঁকে অভিযুক্ত করার সুযোগ রয়েছে। মামলার এজাহারে সেটা উল্লেখ করা রয়েছে।সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, তাঁকে কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তা কর্তৃপক্ষ জানে। এ বিষয়ে তারা জবাব দেবে।