আরডিএর কোষাধ্যক্ষের বিরুদ্ধে দেওয়ানি মামলা হচ্ছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বরখাস্ত হওয়া কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের বিরুদ্ধে এবার মানি স্যুট মামলা (দেওয়ানি) হচ্ছে। স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ হিসেবে এক সপ্তাহের মধ্যে আরডিএ এ মামলা করবে।চেক জালিয়াতির মাধ্যমে সাত কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরডিএ গত সোমবার এখলাছের বিরুদ্ধে মামলা করে। এদিকে রাজশাহীর চারটি বেসরকারি ব্যাংকে তাঁর আরও প্রায় আড়াই কোটি টাকার সন্ধান মিলেছে।আরডিএর চেয়ারম্যান আবদুুর রহিম গত শুক্রবার প্রথম আলোকে জানান, এখলাছ উদ্দিনের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য এক সপ্তাহের মধ্যে দেওয়ানি মামলা করা হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আবদুর রহিম আরও জানান, চেক জালিয়াতির মাধ্যমে সাত কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোমবার এখলাছের বিরুদ্ধে মামলা করা হয়েছে।এখলাছ উদ্দিনের টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে ১৭ ফেব্রুয়ারি। ২ মার্চ আরডিএ কার্যালয়ে এসে তিনি আত্মসাতের দুই কোটি টাকা ফেরত দেন। তাঁর কাছে আরও টাকা পাওয়া গেলে ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন তিনি। এর আগের দিন তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৮ মার্চ তিনি গা ঢাকা দেন।