আরডিএর চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা বজলুর রহমান

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তাঁকে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রথম প্রশাসনের বাইরের কোনো ব্যক্তি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হলেন।
বজলুর রহমান গত বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই নিয়োগের চিঠি হাতে পেয়েছেন। আগামীকাল রোববার তিনি যোগদানের উদ্দেশে ঢাকায় যাবেন।
এর আগে তিনি একটি বেসরকারি কলেজ থেকে অধ্যক্ষ হিসেবে অবসর নেন।
আরডিএ জানায়, ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে জেলা প্রশাসকেরা পদোন্নতি পেয়ে প্রেষণে এই পদে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া সেনাবাহিনী ও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এই পদে নিয়োগ পেয়েছেন।
১৯৮৬ সাল পর্যন্ত বিভাগীয় কমিশনাররা আরডিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৭ সালে সেনাবাহিনীর একজন কর্নেল দায়িত্বে আসেন। এরপর পুলিশের দুজন অতিরিক্ত আইজিপি দায়িত্ব পালন করেছেন। তাঁদের পরে কয়েকজন যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাতক্ষীরা জেলা প্রশাসক আব্দুস সামাদ যুগ্ম সচিবের পদোন্নতি নিয়ে আরডিএর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। তিনি খুলনা বিভাগীয় কমিশনার হয়ে চলে যাচ্ছেন।
বজলুর রহমান বলেন, দেশে রাজনৈতিক সরকার থাকলে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হয়।