আরডিএর নির্দেশ অমান্য, বাড়ি নির্মাণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নগরের শিরোইলে অনুমোদন ছাড়া নির্মাণাধীন একটি ভবন ভেঙে মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। কিন্তু বাড়ির মালিক এর পরও ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। শাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি বাড়িটি নির্মাণ করছেন। আরডিএ সূত্রে জানা গেছে, শাখাওয়াত হোসেন ২০০৯ সালে বাড়ির নির্মাণ শুরু করেন। কিন্তু নকশা অনুমোদন না করায় আরডিএ এক বছর আগে তাঁর বাড়ির ভবন নির্মাণকাজ বন্ধ করে দেয়। সম্প্রতি তিনি আবার ভবনটির কাজ শুরু করেছেন। গত ১০ মে প্রতিবেশী মুরাদ পারভেজ এ ব্যাপারে আরডিএর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই দিনই আরডিএ থেকে নির্মাণকাজ বন্ধ করার নোটিশ দেওয়া হয়। গত বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া থানার পুলিশ শাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ পৌঁছে দিয়ে আসে। কিন্তু পুলিশ চলে আসার পরই তিনি আবার ভবনের নির্মাণকাজ শুরু করেন।শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় কাউন্সিলর দুই পক্ষের বিষয়টি মীমাংসা করে দিয়েছেন। তবে মুরাদ পারভেজ দাবি করেন, ‘আমার সঙ্গে কোনো মীমাংসার কথা হয়নি।’ আরডিএর অথরাইজড অফিসার আবুল কালাম আজাদ বলেন, নিষেধাজ্ঞার কারণে এক বছর ওই বাড়ির নির্মাণকাজ বন্ধ ছিল। এবার পুরো ভবন ভেঙে ফেলে নির্মাণ সামগ্রী অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।