আরডিএর সেই কোষাধ্যক্ষসহ দুজনের বিরুদ্ধে মামলা
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) বরখাস্ত হওয়া কোষাধ্যক্ষ এখলাছ উদ্দিনের বিরুদ্ধে ভুয়া ব্যবসায়ী সেজে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যাংকে রাখার অভিযোগে মামলা হয়েছে।এখলাছকে সহায়তা করার অভিযোগে বেসরকারি এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আমিনুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোরশেদ গতকাল সোমবার বিকেলে নগরের শাহমখদুম থানায় মামলাটি করেন।মামলার এজাহারে বলা হয়, এখলাছ ১৯৭৯ থেকে ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আরডিএর কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি সাত কোটি ৬৮ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এরই মধ্যে আরডিএ গত ১১ জুলাই তাঁর বিরুদ্ধে শাহমখদুম থানায় এই টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, এখলাছ ১৯৭৯ থেকে ২০১১ সাল পর্যন্ত আরডিএ থেকে বেতন-ভাতা বাবদ গ্রহণ করেছেন ১৯ লাখ ৭১ হাজার ৪৮৮ টাকা। চাকরি ছাড়া তাঁর আয়ের অন্য কোনো উৎস নেই। তবু তিনি নিজ নামে তাঁর ব্যাংক হিসাবে আট কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৫৮৬ টাকা জমা করেন। এর মধ্যে লন্ডারিং করা অর্থের পরিমাণ আট কোটি ২২ লাখ ৫৫ হাজার ৯৮ টাকা। ব্যাংকে জমা করা তাঁর পুরো অর্থই অবৈধ। এই অর্থ বৈধ উৎস থেকে উপার্জন করা হয়েছে—এ বিভ্রান্তি তৈরির জন্য এখলাছ রাজশাহীর নওহাটা পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স, পাট অধিদপ্তর থেকে পাটের ডিলারের লাইসেন্স এবং রাজশাহী সিটি করপোরেশন থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়েছেন। কিন্তু তিনি কোনো ব্যবসাই করেননি।আরডিএ সূত্র জানায়, গত ১৭ ফেব্রুয়ারি এখলাছ উদ্দিনের টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। ২ মার্চ নিজ কার্যালয়ে আত্মসাৎ করা দুই কোটি টাকা তিনি ফেরত দেন। তাঁর কাছে আরও টাকা পাওয়া গেলে ফেরত দেবেন বলে অঙ্গীকার করেন। এর আগের দিন ১ মার্চ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ অবস্থায় গত ৮ মার্চ তিনি গা ঢাকা দেন। ওই দিন রাতে আরডিএ তাঁর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করে।মামলার বাদী দুদক কর্মকর্তা মঞ্জুর মোরশেদ বলেন, অবৈধ উৎস থেকে উপার্জিত অর্থ এখলাছ উদ্দিন এমনভাবে ব্যাংকে রেখেছেন, যাতে এর উৎস বৈধ বলেই সবার কাছে মনে হবে। এ কাজ করে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন। ব্যাংকের ব্যবস্থাপক আমিনুর রহমান তাঁকে সহযোগিতা করে একই অপরাধ করেছেন।এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তা আমিনুরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।