আরপিও সংশোধন বিল আজ পাস হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে যোগ দিয়েই নির্বাচন করার বিধান-সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল ২০১৩ আজ সোমবার জাতীয় সংসদে পাস হতে পারে। সংসদ সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসের সুপারিশ করে গতকাল সংসদে প্রতিবেদন দিয়েছে। কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া এ প্রতিবেদন উপস্থাপন করেন।
সংসদীয় কমিটি গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২/জে ধারা বাতিলের সুপারিশ করেছে। প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা সম্পর্কিত এ ধারায় বলা আছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে পূর্ববর্তী তিন বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবচ্ছিন্ন সদস্যপদ না থাকলে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। ২০০৮ সালের নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে আরপিও সংশোধন করে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়। পরে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আইনটি সংসদে অনুমোদন পায়।