১০ কার্যদিবস বিরতির পর নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের মুলতবি বৈঠক কাল সোমবার বিকেল পাঁচটা থেকে বসছে। বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল ২০১৩ উত্থাপিত হতে পারে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিলটি উত্থাপনের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে নোটিশ পাঠানো হয়েছে। ১৬ সেপ্টেম্বর মন্ত্রিসভা আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করে।
বিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিত ব্যক্তিদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও প্রার্থীর জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। প্রার্থীর নির্বাচনী ব্যয় ১৫ লাখ থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। তবে দলীয় প্রধানের দেশের বিভিন্ন স্থানে ভ্রমণের ব্যয় নির্বাচনী ব্যয়ের আওতাভুক্ত রাখা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, দলের তহবিলে কোনো ব্যক্তি অনুদান হিসেবে সর্বোচ্চ ২৫ লাখ এবং প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দিতে পারবে। বিদ্যমান আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ এবং প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দিতে পারে। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, প্রার্থীকে নির্বাচনী এলাকার ভোটারদের মধ্য থেকে এজেন্ট নিয়োগ করতে হবে।
বিলটি আইনে পরিণত হলে মানবতাবিরোধী অপরাধে সাজা পাওয়া ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা দণ্ডিত হয়েছেন।
সংসদের চলতি অধিবেশন ১২ সেপ্টেম্বর শুরু হয়। ১৯ সেপ্টেম্বর অধিবেশন মুলতবি করা হয়। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকরা এখন পর্যন্ত এ অধিবেশনে যোগ দেয়নি।