আরপিও সংশোধনে ইসির মত নেওয়া হয়নি: সিইসি

প্রার্থী হতে হলে রাজনৈতিক দলে তিন বছরের সদস্যপদ থাকার বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে বাদ দেওয়ার (আরপিও সংশোধন) ব্যাপারে নির্বাচন কমিশনের মতামত নেয়নি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। বিকেলে শেরেবাংলা নগরের কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সিইসি বলেন, সংসদের কাজ সংসদ করেছে। জনগণ সাংসদদের ভোট দিয়ে আইন করার জন্য সংসদে পাঠিয়েছে। তাঁরা যা ভালো মনে করেন, তাই করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। তফসিল ঘোষণার পর কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিইসি। এ লক্ষ্যে এখন থেকে প্রশাসনের কর্মকর্তাদের ওপর নজর রাখা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সিইসি বলেন, ‘আমরা প্রশাসনে খোঁজখবর রাখছি। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ প্রশাসনে রদবদল করতে হবে এ রকম কোনো কথা নেই।’
কাজী রকিব জানান, বিগত নির্বাচনগুলোতে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বদলি করা হয়েছে। সংসদ নির্বাচনেও কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বদলি করা হবে।
কমিশন সভায় বুধবার আচরণবিধি পর্যালোচনার পর দুয়েক দিনের মধ্যে চূড়ান্ত করার কথা জানান। এরপর নির্বাচনী তফসিলের বিষয়ে নিজেরা আলোচনা করা হবে। ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচনের জন্য ৪৫-৫০ দিন সময় রেখে ভোটের সময়সূচি নির্ধারণের পরিকল্পনার কথাও জানান সিইসি।
সম্প্রতি সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে নির্বাচনকালে সরকারের যেকোনো সংস্থা-বিভাগের প্রয়োজন হলে ‘তাত্ক্ষণিক’ বদলির বিষয়ে ব্যবস্থা নিতে পারবে। তিনি বলেন, ‘নির্বাচনকালীন ধারাবাহিক রদবদলের নিয়ম থাকলেও এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো কাজ নেই। আমরা শিগগির এই ক্ষমতা প্রয়োগ করব।’
বিভিন্ন মহলে ‘সমালোচিত, অভিযুক্ত ও বিতর্কিত’ কর্মকর্তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সিইসি জানান, তফসিল ঘোষণার পর অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হয়। ইতিপূর্বে অনুষ্ঠেয় নির্বাচনেও তা দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইসি বদ্ধপরিকর বলেও জানান তিনি।
আচরণবিধির বিষয়ে সিইসি বলেন, আগামীকাল (বুধবার) কমিশন বৈঠকে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে। এ ছাড়া একই সময় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ নিয়েও আলোচনা হবে।
নির্বাচনের সময় মন্ত্রীদের অর্থ ছাড়করণে বিষয়ে সিইসি জানান, তফসিল ঘোষণার পরে অর্থ ছাড়ের বিষয়ে সীমাবদ্ধতা থাকবে। তবে কোনো বিশেষ অবস্থা যেমন দুর্যোগের মতো পরিস্থিতি সৃষ্টি হলে ছাড় দেওয়া হবে।