আরপিও সংশোধনে ইসির সুপারিশের বাধ্যবাধকতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধনে নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের বাধ্যবাধকতা নেই।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘আইন সংশোধনের সর্বোচ্চ ক্ষমতা জাতীয় সংসদের। সুতরাং আরপিও সংশোধন করতে নির্বাচন কমিশনের সুপারিশের বাধ্যবাধকতা নেই।’ তিনি বলেন, ‘তিন বছর একটি দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, এটা একটা যৌক্তিক বিষয়। একটি রাজনৈতিক দল করলে অন্য রাজনৈতিক দলের কাছে মনোনয়ন চাওয়ার অধিকার হরণ করা হয়েছে অধ্যাদেশে। এটা মৌলিক অধিকারপরিপন্থী ও বৈষম্যমূলক—তাই আইনটিকে আমরা সংশোধন করেছি।’

দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ শিষ্টাচারবহির্ভূত হয়েছে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এখানে কী শিষ্টাচার লঙ্ঘন করা হয়েছে, আমার জানা নেই। ফখরুলের এ মন্তব্য দুঃখজনক। তাঁদের (দুই নেত্রীর) এই আলোচনা জনস্বার্থে-জনকল্যাণে প্রকাশ করা হয়েছে। এটা জানার অধিকার জনগণের আছে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে রাজনীতিকদের আচরণ হতে হবে মার্জিত, পরিশীলিত ও দায়িত্বশীল। যেন আগামী প্রজন্মের কাছে এটা শিক্ষণীয় হয়।’

সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করেন, বিরোধী দলের নেতার কথার মধ্যে অগণতান্ত্রিক মনোভাব ও অসৌজন্যবোধ ফুটে উঠেছে। এ জন্যই তাঁরা ‘গেল গেল’ চিত্কার করছেন। তাঁরা বিব্রতবোধ করছেন। এটাও একটা শিক্ষা। তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনো উপায় নেই। নির্বাচন না হলে এর বিকল্প যা রয়েছে, তা শোভনীয় নয়। অচলাবস্থা দূর করে সমাধানের পথে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন এই নেতা।

নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।