আরপিও সংশোধনের প্রস্তাবে কমিশনের ক্ষমতা বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ বিভাগ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের যে প্রস্তাব অনুমোদন করেছে, তাতে নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা বাড়বে না। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গেলে ইসির ক্ষমতা বৃদ্ধি জরুরি। জাতীয় প্রেসক্লাবে গতকাল সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমান কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে অনেকের মনে গুরুতর প্রশ্ন রয়েছে। তারা নির্বাচনের প্রস্তুতিমূলক কাজে পিছিয়ে আছে। হলফনামার বিদ্যমান ছকটি অসম্পূর্ণ ও অকার্যকর। এটিতে পরিবর্তন আনা দরকার। কিন্তু এ সম্পর্কে কমিশনের কোনো উদ্যোগ নেই।
বদিউল আলম মজুমদার আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণের জন্য প্রস্তাব করেছিল। কিন্তু আইন মন্ত্রণালয় তা মন্ত্রিসভায় পাঠায়নি। প্রার্থীদের ব্যয় পর্যবেক্ষণের শক্তিশালী ব্যবস্থা না থাকলে নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য অব্যাহত থাকবে।
এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচনী অপরাধের চরিত্র বদলে গেছে। নির্বাচনের দিন কোনো সহিংসতা হয় না। নির্বাচনের আগেই বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করে। এদের দমন করতে হলে ইসিকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি সেনা মোতায়েন আবশ্যক।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, গণতন্ত্র মানে কিছু লোককে ক্ষমতায়িত করা নয়, বরং সব মানুষকে ক্ষমতায়িত করা। বর্তমানে দেশে আইন আছে, শাসন আছে, কিন্তু আইনের শাসন নেই। এ অবস্থার পরিবর্তন দরকার।
বিচারপতি কাজী এবাদুল হক বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার। কমিশনারদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ তাঁরা সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। তাই তাঁদের মেরুদণ্ড খাড়া করে দাঁড়ানো উচিত।
‘না’ ভোটের বিধান পুনরায় চালুর দাবি জানিয়ে গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে উন্মুক্ত করা উচিত। এতে দুর্নীতি কমে আসবে।