কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণাসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদে-শের (আরপিও) ১৯ ধারা নিয়ে করা রিট আবেদনের রায় আজ হতে পারে৷
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন৷
গতকাল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম বলেন, আরপিওর ১৯ ধারা অসাংবিধানিক নয়৷ ‘না ভোটের’ বিধান নিয়ে তিনি বলেন, আদালত এ বিষয়ে অভিমত দিতে পারেন, তবে নির্দেশনা দিতে পারেন না৷ গত নির্বাচন যেভাবে হয়েছে, তা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়৷
১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালামের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন৷ আদালত ১২ মার্চ অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে মতামত দিতে জ্যেষ্ঠ ছয় আইনজীবীসহ সাতজনের নাম ঘোষণা করেন৷
এর আগে গত নভেম্বরে গণপ্রতিনিধিত্ব আদেশে ‘না ভোটের বিধান’ সংযোজনের নির্দেশনা চেয়ে দুই আইনজীবী একটি রিট করেন৷ শুনানির পর গত ২৪ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন৷ রুলে ‘ব্যালটে না’ ভোটের বিধান সংযোজনে গণ-প্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
দুটি পৃথক রিটের ওপর চূড়ান্ত শুনানি একসঙ্গে হয়৷ রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন৷ সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার৷ নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম, আবদুস সালামের পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম, অপর রিটের পক্ষে আইনজীবী রেদোয়ান আহমেদ শুনানিতে অংশ নেন৷