আরব আমিরাতে ভিসা বন্ধের খবর সঠিক নয়: মন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়া বন্ধের খবর সঠিক নয় বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গতকাল রোববার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এর আগে মোশাররফ হোসেন বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘আরব আমিরাত বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা ইস্যু করছে না—এমন খবর আমরা গণমাধ্যমে জেনেছি। আমাদের এখনো তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা সেখানে নিয়মিত খোঁজখবর রাখছি। ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে—এমন খবর সঠিক নয়।’মধ্যপ্রাচ্যের এ দেশের সঙ্গে সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো দাবি করে মন্ত্রী বলেন, ‘তারা ভিসা ইস্যু করছে না—এমন খবর সঠিক নয়। তবে তারা সীমিত আকারে ভিসা ইস্যু করছে। মহিলা কর্মীদের জন্য এখনো ভিসা দিচ্ছে।’তবে মন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে একমত নয় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। সংগঠনটির নেতারা কয়েক দিন ধরে অভিযোগ করছেন, ইউএই বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তারা কোনো ভিসা নবায়নও করছে না।বায়রার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আরব আমিরাতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী রয়েছে। এ অবস্থায় তারা লোক নেওয়া কমিয়ে দিয়েছে। সেখানে থাকা কর্মীদের কোনো সমস্যা বা কোনো অবৈধ কর্মী থাকলে তাদের বৈধ করার প্রয়োজন রয়েছে কি না খতিয়ে দেখছে।’ রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আরব আমিরাত লোক নেওয়া কমিয়ে দিয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ ইস্যুতে কোনো দেশ এখনো কোনো কথা বলেনি। আর রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে—এমন কথাও কেউ বলেনি।’শুধু বাংলাদেশ নয়; ইথিওপিয়া, ইরান, মিসর ও ফিলিস্তিন থেকেও আরব আমিরাত কর্মী নেওয়া কমিয়ে দিয়েছে বলে মন্ত্রী জানান। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা লোক নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দেশটির মানবসম্পদমন্ত্রী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে আসবেন। এর আগে তাদের কারিগরি মিশনের একটি দল এসে ঘুরে গেছে। সব ঠিক থাকলে মালয়েশীয় প্রতিনিধিদলের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।’