রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আরব আলীর (৯০) বিরুদ্ধে ৩৮ বছর আগে হওয়া অর্থ আত্মসাতের মামলার সাক্ষী হাজিরে পদক্ষেপ নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও দুদকের পরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। একই নির্দেশনা দিয়ে আদালতের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককেও।
ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। এদিকে এ মামলার বাদীসহ সাতজন সাক্ষী মারা গেছেন। রাষ্ট্রপক্ষ সোমবার এই মামলায় কোনো সাক্ষী হাজির করতে পারেনি। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন এই আদেশ দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম।
আদালতের এক আদেশে বলা হয়, ৩৮ বছর আগের পুরোনো এই মামলায় ৭২ ধরনের আলামত জব্দ করা হয়। এর মধ্যে মামলার বাদী রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এম কে আশরাফীর জিম্মায় ছিল ১৯ ধরনের আলামত। তবে এম কে আশরাফী মারা গেছেন। আবার মামলার সাত সাক্ষীও মারা গেছেন। আরব আলীর মামলায় মোট সাক্ষীর সংখ্যা ২৭।
দুদকের পিপি রেজাউল করিম বলেন, ‘অনেক পুরোনো এই মামলার সাক্ষী হাজির করতে আমরা চেষ্টা চালাচ্ছি। তবে মামলার বাদীসহ সাতজন সাক্ষী মারা গেছেন। আদালত সাক্ষী হাজির করতে রাষ্ট্র পক্ষকে নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত ১৬ জুন দুদকের পক্ষ থেকে একজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। তাঁর নাম মোজাফফর হোসেন। তিনি রূপালী ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন।
আরব আলীর বিরুদ্ধে যখন অর্থ আত্মসাতের মামলা হয়, তখন তাঁর বয়স ছিল ৫২ বছর। সে সময় তাঁর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা হয়েছিল। চাকরিও হারিয়েছিলেন তিনি। বছরের পর বছর পুরান ঢাকার বিচারিক আদালত থেকে হাইকোর্ট-সর্বোচ্চ আদালতের বারান্দায় ঘুরেছেন আরব আলী।
চাকরি ফিরে পাওয়ার পক্ষে একবার আদালতের রায়ও এসেছিল। তবে উচ্চ আদালতে তা আটকে যায়। এরপর তিন যুগের বেশি সময়ে আরব আলীর অর্থ আত্মসাতের ওই মামলার বিচার এগোয়নি।
বয়সের ভারে ন্যুব্জ আরব আলী রাজধানীর নয়াপল্টনে পরিবারের সঙ্গে থাকেন। তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। কিন্তু মামলার আসামি হওয়ায় তাঁকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। এই মামলার বাদী ছাড়াও পাঁচ আসামির তিনজনই মারা গেছেন। মৃত তিন আসামির মধ্যে আরব আলীর এক স্ত্রী জাহানারা বেগমও রয়েছেন।
দুই বছর আগে মামলার বিচারে নতুন করে অভিযোগ গঠিত হয়, সেখানে আসামি শুধু আরব আলী ও তাঁর জীবিত স্ত্রী মনোয়ারা বেগম। তবে মনোয়ারা আরও বেশি অসুস্থ। আদালতের অনুমতি নিয়ে সশরীর হাজিরা থেকে রেহাই পেয়েছেন তিনি। তাঁর পক্ষে আইনজীবী নিয়মিত আদালতে হাজিরা দেন।