আরব বিশ্বে জাগরণ মুক্তবাজার অর্থনীতির সুযোগ এনেছে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম বিশ্ব ইসলামি অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, আরব দেশগুলোতে সাম্প্রতিক গণজাগরণের কারণে মুক্তবাজার অর্থনীতি বিকাশের সুযোগ তৈরি হয়েছে। এসব দেশে অধিকতর সুযোগ, স্বাধীনতা, বাণিজ্যে স্বচ্ছতা এবং প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। যার সুযোগ কোম্পানিগুলো গ্রহণ করতে পারে।

রাষ্ট্রপতি বলেন, বাজারকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে নিয়ে যাওয়াই হলো এখনকার চ্যালেঞ্জ। যাতে সবার জন্য সুযোগ তৈরি করা যায়। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যগুলো তুলে ধরেন। তিনি বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি জনগণের ক্ষমতায়নের জন্য যথেষ্ট নয়। সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার জন্য মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের ওপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন।

লন্ডনের এক্সেল সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার শুরু হওয়া তিন দিনের এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব আবদুল রাজ্জাক, ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালকিয়া, মরক্কোর বাদশা আবদুল্লাহ, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, মরক্কোর প্রধানমন্ত্রী আবদেল্লাহ বেনকারনে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফা, তুরস্কের উপপ্রধানমন্ত্রী আলী বাবাচান প্রমুখ বক্তব্য দেন।

রাষ্ট্রপতি পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। রাতেও তাঁর ফোরামের আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। যেখানে ব্রিটেনের যুবরাজ চার্লস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

আগামীকাল বুধবার দুপুরে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায়ও রাষ্ট্রপতির অংশ নেওয়ার কথা রয়েছে। লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর নেতৃত্বে গঠিত নাগরিক সংবর্ধনা কমিটি এই সংবর্ধনার আয়োজন করেছে।

এর আগে লন্ডনে পৌঁছানোর পর গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রপতি হাইকমিশনার মিজারুল কায়েসের বাসভবনে এক চা-চক্রে অংশ নেন। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা, আইনজীবী আজমালুল হোসেন কিউসি, সুপ্রিম কোর্টের বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের সভাপতি মকিম আহমেদ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পাশা খন্দকার, আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক উপস্থিত ছিলেন।

কাল বুধবার রাতে দেশের উদ্দেশে রাষ্ট্রপতির লন্ডন ছাড়ার কথা।