আরবি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানও পড়ানো হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসায় ইসলামি বিষয়গুলোর পাশাপাশি আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে। যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন।
গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করতে গিয়ে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কাজ চলছে। তিনি বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারকবাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় এলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ক্ষমতায় থাকাকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আহসান উল্লাহ।