দ্য ডেইলি স্টার আয়োজিত বক্তৃতায় উসামা মাকসিদি
আরবের আন্দোলন ইসরায়েলের বিপক্ষে ঐক্য তৈরি করতে পারে
আরবদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ইসরায়েলের বিপক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থানের সম্ভাবনা তৈরি করেছে। হয় ইসরায়েলের সঙ্গে সন্ধি, না হলে শান্তির পথ রুদ্ধ—এই শর্তে আর জড়াতে চায় না আরবের আন্দোলনরত মানুষ। যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক উসামা মাকসিদি আরব বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক বক্তৃতায় এ কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম আরব-আমেরিকান এডুকেশনাল ফাউন্ডেশন চেয়ার। দ্য ডেইলি স্টার পত্রিকা গতকাল শনিবার এ বক্তৃতার আয়োজন করে। ‘তাহরির: বিফোর অ্যান্ড আফটার-মেকিং সেন্স অব দ্য রিসেন্ট আরব প্রোটেস্ট’ শীর্ষক বক্তৃতায় উসামা বলেন, আরব বিশ্ব এখন এক অবিস্মরণীয় সময় অতিক্রম করছে। মানুষ আন্দোলন করছে কয়েকজন শাসক, কিছু মতাদর্শ ও শাসনব্যবস্থার বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা চাইলে ইসরায়েলকে সমর্থন দিতে হবে—এ কথা মানুষ আর মানতে চায় না। বহু বছর ধরে পশ্চিমারা ওই শর্ত আরব বিশ্বের ওপর চাপিয়ে এসেছে। উসামা বলেন, বহু বছর ধরে আরব বিশ্বের দেশগুলো দুটি শিবিরে বিভক্ত। একটি শিবির যুক্তরাষ্ট্রের পক্ষে, অন্যটি বিপক্ষে। দুই দলই জনগণের স্বার্থের কথা বলে, কিন্তু আসলে তাদের জনসমর্থনের ভিত খুব দুর্বল। সাধারণ মানুষ পুরো ব্যবস্থার প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেছে। তবে এই বিরোধিতা বিপ্লবে রূপান্তরিত হবে, নাকি তার কণ্ঠরোধ করা হবে—সে সম্পর্কে এখনো পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না। লিবিয়ায় ন্যাটোর প্রবেশ প্রসঙ্গে উসামা মাকসিদি বলেন, শুধু মানবতার স্বার্থে ন্যাটো অভিযান পরিচালনা করছে না। লিবিয়ায় তেলের মজুদ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ। বক্তৃতায় উসামা অটোমান-টার্কদের শাসনামল থেকে অর্থাৎ ১৮৬৯ সালে অটোমানদের সময় থেকে ১৯৬৭ সাল পর্যন্ত আরব বিশ্বের ইতিহাসের চারটি পর্বের উল্লেখ করেন। এই সময়ের মধ্যে আরব বিশ্বে নাগরিক চেতনার উদ্ভব, সংবিধান ও সংসদের সৃষ্টি হয়। পর্যায়ক্রমে যুক্তরাজ্য ও ফ্রান্সের হস্তক্ষেপে ধর্মের ভিত্তিতে আরবের দেশগুলোকে বিভক্ত করা, ১৯৪৮ সালে ইসরায়েলের উৎপত্তি এবং ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়। বক্তৃতার পর সুশীল সমাজের প্রতিনিধিরা উসামাকে তিউনিসিয়া, মিসর, বাহরাইন, ইয়েমেনের চলমান আন্দোলনের নানা দিক সম্পর্কে প্রশ্ন করেন। এই আন্দোলনে শিয়া-সুন্নি বিরোধ কোনো প্রভাব ফেলবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরাকে মার্কিনদের দখলদারির পরই এই বিরোধের বিষয়টি উঠে আসে। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আরবদের অবস্থানের মূল আরও গভীরে। এই বিরোধ এখানে মুখ্য নয়। অনুষ্ঠানে অংশ নেন সাবেক রাষ্ট্রদূত হারুন-অর-রশীদ, আশফাকুর রহমান, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূরুল হুদা, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রেসিডেন্ট মুনিরুজ্জামান, মানবাধিকারকর্মী হামিদা হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম।