সৎমেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরমান হোসেন ওরফে সুমনকে আরও ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোশ্যাল মিডিয়ার মনিটরিং টিমের পরিদর্শক মো. নাজমুল নিশাত মামলাটি তদন্ত করছেন। ১২ জুলাই রাজধানীর মালিবাগ এলাকা থেকে আরমান হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামি আরমান হোসেন জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ওই তথ্য যাচাই-বাছাই করতে তাঁকে আরও রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১০ জুলাই ধর্ষণের অভিযোগ করে সৎবাবার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন ভুক্তভোগী ওই মেয়ে (২০)। আরমান হোসেন একটি বেসরকারি টিভি চ্যানেলের শব্দপ্রকৌশলী। মামলায় তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন আইন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০০৫ সালে আরমান হোসেনের সঙ্গে বাদীর মায়ের বিয়ে হয়। চাকরির কারণে তাঁর মা সকালে কর্মস্থলে চলে যেতেন। ২০০৮ সালের কোনো একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে আরমান প্রথম ধর্ষণ করেন। ওই সময় মেয়েটির আপত্তিকর ছবিও মোবাইলে তুলে রাখেন আরমান। ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে প্রায়ই তাঁকে ধর্ষণ করা হতো।