আরমানিটোলা মাঠে পড়ে আছে নির্মাণসামগ্রী
আরমানিটোলা মাঠে অনেক দিন ধরে পড়ে আছে পাশের একটি ভবনের নির্মাণসামগ্রী। ফলে মাঠের বেশ কিছু গাছ মারা গেছে। খেলতে আসা শিশু-কিশোরেরা বলছে, নির্মাণসামগ্রী থাকার ফলে সমস্যা হচ্ছে।
পুরান ঢাকার আরমানিটোলা মাঠ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মালিকানাধীন। মাঠটি কলেজ থেকে খানিকটা দূরে। মাঠে কলেজ কর্তৃপক্ষের একজন তত্ত্বাবধায়ক থাকেন। গতকাল রোববার গিয়ে দেখা যায়, মাঠের চারদিকে অনেকগুলো মেহগনিগাছ লাগানো হয়েছে। হাঁটার রাস্তা করা হয়েছে। আছে লাইট, গোলপোস্ট। স্কুলের-কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে। আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী শরাফত জামান জানায়, ‘রনি ভাই (আরমানিটোলা সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক) গাছটাছ লাগাইছে। মাঠের কাজ করছে।’ আরও কিছু শিক্ষার্থী বলে, মাঠটি দীর্ঘদিন অযত্নে পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারা এটি সংস্কার করেন।
বিশাল আকারের লোহার কিছু নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে মাঠের গেটের কাছেই। ওই অংশে কোনো গাছও নেই। জানা গেল, মাঠের পাশে নির্মিতব্য বহুতল ভবনের কাজের জন্যই এগুলো রাখা হয়েছে। মাঠে ক্রিকেট খেলতে থাকা রাজু হোসেন বলেন, ‘এগুলো সরায় নিলে ভালো হয়। বড় বড় লোহার জিনিস। অ্যাক্সিডেন্টও হইতে পারে।’ মাঠটি পরিষ্কারও নয়। কাগজসহ বিভিন্ন ধরনের প্যাকেট ছড়ানো-ছিটানো। হাঁটার জায়গা ও গাছ লাগানো অংশ বাদে পুরো মাঠে কোনো ঘাস নেই। প্রাচীর দেওয়া মাঠে দুটি প্রবেশদ্বার।
নির্মাণসামগ্রী রাখার ব্যাপারে ওই ভবনের নির্মাণ তত্ত্বাবধায়ক মো. আশরাফ বলেন, তাঁরা মাঠের সংস্কারে সাহায্য করেছেন। মাস খানেকের মধ্যে এসব নির্মাণসামগ্রী সরিয়ে ফেলবেন।
আরমানিটোলা সমাজকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, মাঠটির অবস্থা খারাপ ছিল, তাঁরা নিজ উদ্যোগে সংস্কার করেছেন। গত বছর মাঠে ১৪০টি গাছ লাগিয়েছেন। এর মধ্যে যে অংশে নির্মাণসামগ্রী রাখা হয়েছে, সেখানে প্রায় ২০টি গাছ মরে গেছে। হাঁটার জায়গাটির কাজও পুরো শেষ হয়নি। তিনি বলেন, ‘কলেজের আগের অধ্যক্ষের মৌখিক অনুমতি নিয়ে আমরা কাজ করি। এটা তো কেউ দখল করছে না। অযত্নে পড়ে ছিল, ছেলেদের খেলার ও মানুষের হাঁটার ব্যবস্থা করেছি। কিন্তু পাশের বিল্ডিংয়ের ওই জিনিস থাকার কারণে সমস্যা হচ্ছে। তাঁরা সরিয়েও নিচ্ছে না।’
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বিল্লাল আলম প্রথম আলোকে বলেন, সরকারি জায়গা সবারই ব্যবহার করতে পারে। নির্মাণসামগ্রী রাখার জন্য যদি কারও সমস্যা হয় এবং লিখিত আবেদন করে, তাহলে তিনি ব্যবস্থা নেবেন।