ব্রাহ্মণবাড়িয়ায় সাত বছর বয়সী শিশু তোফা মণিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আরশাদুল মিয়া (৩৮)। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিনের আদালতে গতকাল বৃহস্পতিবার ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি দেন।
সদর উপজেলার জগতসার গ্রামের আবদুল কাদিরের ছেলে আরশাদুল একই উপজেলার কাছাইট গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় তিনি ফেরিওয়ালা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, ধর্ষণের পর তোফাকে হত্যার কথা স্বীকার করে আশরাদুল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
কাছাইট গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও সমতা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী তোফা গত মঙ্গলবার রাতে নিখোঁজ হয়। পরদিন বুধবার সকালে গ্রামের একটি সবজিখেত থেকে তার লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ। ওই দিনই সন্দেহভাজন হিসেবে আরশাদুলকে আটক করা হয়। সন্ধ্যায় তোফার বাবা সদর থানায় মামলা করেন।