আরসিএলের গ্রাহকেরা বিপাকে
রুরাল কো-অপারেটিভ লিমিটেড (আরসিএল) গত সাত মাস গ্রাহকদের মুনাফা দিচ্ছে না। মুনাফা ও মূলধন ফেরত নিতে গ্রাহকেরা প্রতিষ্ঠানের কার্যালয়ে ধরনা দিচ্ছেন। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ বড় তিনটি শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের গ্রাহক ও সমবায় কার্যালয়ের কর্মকর্তারা এসব কথা জানান। উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকার মো. আলী আহসান প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন। কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৬ জুলাই আরসিএল প্রতিষ্ঠিত হয়। নগরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি ভবনের তৃতীয় তলায় এর প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানটির ১৬টি শাখা রয়েছে। এর মধ্যে কান্দিরপাড় শাখাকে ‘মডেল’ শাখা বলা হয়। বড় তিনটি শাখা পদুয়ার বাজার, বাগমারা ও লাকসাম শাখা গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ রয়েছে। তা ছাড়া অন্য শাখাগুলো মাঝেমধ্যে খোলা হয়। ১৬ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা কার্যালয়ের উপপরিচালকের কাছে মো. আলী আহসানের করা অভিযোগে উল্লেখ করা হয়, ২০১২ সালের মাঝামাঝি সময় তিনি কান্দিরপাড়ে আরসিএলের ‘মডেল’ শাখায় তাঁর পেনশনের ১৫ লাখ টাকা জমা রাখেন। ২০১৩ সালের মার্চ মাস থেকে তিনি মুনাফা পাচ্ছেন না। একপর্যায়ে তিনি মূলধন উত্তোলনের জন্য আবেদন করেন। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান আমানতকারীদের টাকা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাই বাধ্য হয়ে দুদকে এ আবেদন করতে হচ্ছে।
২৬ জুন দুদক কুমিল্লা কার্যালয় সমবায় অধিদপ্তরে এই অভিযোগ পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ২ জুলাই সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক রিক্তা দত্ত কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তাকে একটি চিঠি দেন। চিঠিতে অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আরসিএলে পাঁচ লাখ টাকা আমানত রেখেছেন আগানগর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ মজুমদার। তিনি জানান, সাত মাস ধরে মুনাফা পাচ্ছেন না।
জানা যায়, প্রতিষ্ঠানটি অনিয়মিত একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে। বর্তমানে আরসিএলের নামে এক হাজার ৬৭৬ দশমিক ৫৪ শতক জমি রয়েছে। আরসিএল বাসও কিনেছে। লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে ঢাকায় আরসিএলের বাস চলাচল করত। বর্তমানে ওই বাস বন্ধ রয়েছে।
জেলা সমবায় কার্যালয়ে আরসিএলের নথি অনুযায়ী, আরসিএলের নয় সদস্যের একটি পরিচালনা কমিটি রয়েছে। কমিটির সভাপতি হলেন সদর দক্ষিণ বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুর রহমান মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক চৌদ্দগ্রামের খিরণখাল কাজী জাফর আহমদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান ও সদস্য লাকসাম পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম।
মো. শাহজাহান ও সুরাইয়া বেগম সমিতির দেখভাল করেন বলে জানা গেছে।
অহিদুর রহমান মজুমদার বলেন, ‘আমি ২০০৬-০৭ সালে সভাপতি ছিলাম। এখন নেই। আমাকে নামমাত্র রাখা হয়েছে। মূলত শাহজাহানই আরসিএলের মালিক। তিনি এখন এলাকা ছাড়া, চাপের মধ্যে আছেন। সমিতিও বিপর্যয়ের মধ্যে পড়েছে।’ জেলা সমবায় কার্যালয়ে আরসিএলের নথিতে সভাপতি হিসেবে আপনার নাম রয়েছে—এ কথা বললে তিনি কোনো মন্তব্য করেননি।
এ ব্যাপারে বক্তব্য জানতে আরসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান ও সদস্য সুরাইয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। কর্মস্থলে গিয়েও তাঁদের পাওয়া যায়নি।
কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও উপনিবন্ধক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, আরসিএলের ১১ হাজার ৮৬০ জন গ্রাহক প্রতিষ্ঠানে ১৩০ কোটি আট লাখ ৪৫ হাজার ৪৫ টাকা আমানত জমা রেখেছেন।
মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘আরসিএলের বিরুদ্ধে দুদকে একজন আমানতকারী অভিযোগ করেছেন। আমরা সেটা খতিয়ে দেখছি। তা ছাড়া চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তর আরসিএলের আমানতকারীদের আমানত রক্ষার্থে সদর দক্ষিণ উপজেলায় একটি উপকমিটি গঠন করেছে। ওই কমিটির সভাপতি সদর দক্ষিণ উপজেলা সমবায় কর্মকর্তা। তিনি ইউএনও এবং ওসির সঙ্গে সমন্বয় করে গ্রাহকদের টাকা দেওয়ার চেষ্টা করছেন। মুনাফা দিতে না পারায় আরসিএলের বড় শাখাগুলো বন্ধ রয়েছে।’