আরাকান আর্মির কথিত নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির কথিত নেতাসহ চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে কথিত নেতা রেনিন সুয়ে ওরফে রেনেজু রাখাইন ও সদস্য অংওং রাখাইনকে আসামি রাখা হয়েছে। অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে অন্য দুজনকে। তাঁরা বাংলাদেশের নাগরিক।
গতকাল বুধবার রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা রাঙামাটির রাজস্থলী থানার উপপরিদর্শক কাজী আলাউদ্দিন। মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে রেনেজু রাখাইনের বাড়ির তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে।
গতকাল একই আদালতে চার আসামির বিরুদ্ধে করা সন্ত্রাস দমন আইন ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় জামিন আবেদন করা হয়। রাঙামাটির অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাবরিনা আলী ১৮ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন এবং চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২৬ আগস্ট রাতে যৌথ বাহিনী আরাকান আর্মির কথিত নেতা রেনেজু রাখাইনের রাজস্থলীর কলেজপাড়া বাড়িতে অভিযান চালিয়ে আরাকান আর্মির সদস্য অংওং রাখাইনকে আটক করে। এ সময় ওই বাড়ি থেকে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিন সেট সেনাবাহিনীর পোশাক, তিনটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা, একটি হ্যান্ডিকাম, একটি করে মুঠোফোন ও মডেম এবং রেনেজু রাখাইনের স্ত্রীর বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। একই সময় বাড়ির চত্বর থেকে দুটি ঘোড়া ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত বছরের ২৭ আগস্ট বাড়ির তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। ১৪ অক্টোবর রেনেজু রাখাইনকে গ্রেপ্তার করা হয়।