আরাকান আর্মির সদস্যসহ তিনজন ৩ দিনের রিমান্ডে
রাঙামাটির রাজস্থলী থেকে গ্রেপ্তার আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইন এবং সহযোগী সন্দেহে আটক চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার রাঙামাটির অতিরিক্ত বিচারিক হাকিম সাবরিনা আলী এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের আদালত পরিদর্শক মোমিনুল ইসলাম জানান, রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা ও থানার ওসি অহিদুল্লাহ সরকার তিনজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া বিদেশি নাগরিক-সম্পর্কিত আইনে করা মামলায় চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এক দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২৭ আগস্ট রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের নয়াঝিরিপাড়ায় রাননিন সোয়ে ওরফে রেনেজু রাখাইনের বাড়ি থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইনকে এবং ২৮ আগস্ট বাড়ির দুই তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে আটক করা হয়।