আরাকান আর্মির সহযোগী সন্দেহে গ্রেপ্তার মং চ ওয়াং আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির রাজস্থলী থেকে আরাকান আর্মির সহযোগী সন্দেহে গ্রেপ্তার মং চ ওয়াং মারমার আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ২৭ আগস্ট রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের নয়াঝিরিপাড়ার একটি বাড়ি থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইনকে এবং ২৮ আগস্ট বাড়ির দুই তত্ত্বাবধায়ক চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে আটক করা হয়। এই ঘটনায় রাজস্থলী থানায় পুলিশ দুটি মামলা করে।
সন্ত্রাস দমন আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল রোববার তিনজনকে আদালতে হাজির করা হয়। রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন কবির আসামি মং চ ওয়াং মারমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরাকান আর্মির সদস্য অং ওং রাখাইন ও সহযোগী সন্দেহে গ্রেপ্তার চ সুই অং মারমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কাশেম বলেন, ‘আমরা গ্রেপ্তার তিনজনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মং চ ওয়াং মারমাকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তিনজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়।’