আরাকান আর্মির সহযোগী সন্দেহে আটক দুজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সহযোগী সন্দেহে রাঙামাটির রাজস্থলী থেকে আটক দুই ব্যক্তিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার আরাকান আর্মির সহযোগী সন্দেহে চ সুই অং মারমা (৪২) ও মং চ ওয়াং মারমাকে (৩৯) আটক করা হয়। এর আগে গত বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশ রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের নয়াঝিরিপাড়ার রেনেজু রাখাইন নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে অং ওং রাখাইনকে আটক করে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অং ওং রাখাইন আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছেন।
এদিকে শুক্রবার রাতে অং ওং রাখাইন, চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমা, রেনেজু রাখাইনসহ অজ্ঞাতনামা কয়েক ব্যক্তির বিরুদ্ধে রাজস্থলী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
আদালত পরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, সন্ত্রাস দমন আইনে করা মামলায় গতকাল চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে রাঙামাটির একটি আদালতে হাজির করা হয়। পরে ওই দুজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। আদালত রোববার (আজ) রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। তিনি জানান, পরে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার অং ওং রাখাইন ও রেনেজু রাখাইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।