আরাকান আর্মির 'উপদেষ্টার' ব্যাংক হিসাবে লেনদেন বন্ধ
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সন্দেহভাজন উপদেষ্টা রেননিন সোয়ে ওরফে রেনেজু রাখাইন, তাঁর স্ত্রী ও সম্বন্ধীর নামে খোলা চারটি ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল বুধবার তিনটি ব্যাংকে চিঠি দিয়ে তাঁদের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধ করা হয়।
রাঙামাটির রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানান, রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দোভাষী বাজার শাখায় রেনেজু রাখাইন ও তাঁর সম্বন্ধী মং প্রু চিং মারমার নামে খোলা দুটি হিসাব এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের রাজস্থলী শাখায় রেনেজু রাখাইন ও তাঁর স্ত্রী হ্লাচিং নু মারমার নামে খোলা দুটি হিসাবের লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
ওসি বলেন, গত ২৮ ও ২৯ আগস্ট করা দুটি মামলার তদন্তের স্বার্থে এই চারটি ব্যাংক হিসাবে লেনদেন বন্ধ করা হয়েছে। রেনেজু রাখাইন পলাতক আসামি। তিনি আরাকান আর্মির সন্দেহভাজন উপদেষ্টা। গত ২৭ আগস্ট রাতে সেনাবাহিনী ও পুলিশ রেনেজু রাখাইনের রাজস্থলীর বাড়ি থেকে অং ওং রাখাইন এবং ২৮ আগস্ট চ সুই অং মারমা ও মং চ ওয়াং মারমাকে আটক করে।