আরাকান জঙ্গিদের টাকায় কেনা ২৩২টি গরু জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকান জঙ্গিদের টাকায় কেনা ২৩২টি গরু জব্দ করেছে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ। এসব গরুর দাম প্রায় ৯৩ লাখ টাকা। গতকাল রোববার ভোররাত তিনটার দিকে শহরের সিটি কলেজ-সংলগ্ন সাহিত্যিকা পল্লি ও গুদারপাড়ায় অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। মিয়ানমার থেকে আনা এসব গরু টেকনাফ থেকে সড়কপথে ট্রাকে বোঝাই করে কক্সবাজারে আনা হয়েছে। শহরের বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে বসবাসরত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মধ্যে কোরবানির সময় বিতরণের জন্য এসব গরু কেনা হয়।স্থানীয় লোকজন জানান, গত ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধমন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা জঙ্গিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সরকারি তদন্ত প্রতিবেদনেও এসব উল্লেখ রয়েছে। সম্ভবত রোহিঙ্গাদের সংগঠিত করতে এসব গরু কেনা হচ্ছিল।পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, গরুগুলো রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য আনা হয়েছে কি না, অনুসন্ধান করে দেখা হচ্ছে। সত্যি প্রমাণিত হলে গরুগুলো জব্দ করে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় অসহায় গরিব লোকজনের মধ্যে বিতরণ করা হবে। রোহিঙ্গাদের সংগঠিত করে কাউকে রামুর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে বিতরণের জন্য জব্দ করা গরুগুলো টেকনাফ থেকে কক্সবাজারে আনা হয়েছিল। রোহিঙ্গাদের মধ্যে এসব গরু বিতরণ করা হচ্ছে—এই অভিযোগে গরুগুলো জব্দ করা হয়। ফ্রিডম পার্টির এক নেতা এসব গরু নিয়ে আসেন বলে খবর পাওয়া গেছে। গরুগুলো স্থানীয় সামাজ কমিটির নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিমের জিম্মায় রাখা হয়েছে। নুরুল আজিম বলেন, তাঁর জিম্মায় সাহিত্যিকা পল্লি ও গুদারপাড়ায় ২৩২টি গরু রাখা হয়েছে। এসব গরু মিয়ানমারের জঙ্গি সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) কক্সবাজারে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য নিয়ে আসে বলে জানা গেছে। কয়েকটি বিদেশি এনজিওর বিরুদ্ধে গরু কেনার বিপরীতে বিপুল অর্থসহায়তা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।নুরুল আজিম বলেন, পুলিশের ধাওয়া খেয়ে আরও দুটি ট্রাকে বোঝাই অর্ধশতাধিক গরু নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।