আরাকানি জঙ্গি আবু ছালেহর দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আরাকানি জঙ্গি নেতা আবু ছালেহকে (৩৬) দুই দিনের রিমান্ড শেষে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছে। তাঁকে দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। কাল রোববার আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। গত সোমবার রাত ১০টায় কক্সবাজার শহরের লালদীঘিরপাড়স্থ একটি সেলুন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় আবু ছালেহ জড়িত বলে পুলিশ দাবি করছে। ছালেদ দীর্ঘদিন ধরে শহরের পাহাড়তলীতে বাস করছেন। এর সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, দুই দিনের রিমান্ডে আবু ছালেহ মিয়ানমারের জঙ্গি সংগঠন আরএসও (রোহিঙ্গা সলিডারেটি অর্গানাইজেশন) এবং ওই সংগঠনের কর্মকাণ্ডসহ জড়িত ব্যক্তিদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার বলেন, বৌদ্ধপল্লিতে হামলার ইন্ধনদাতা হিসেবে পুলিশ আরাকানি নেতা আবু ছালেহকে গ্রেপ্তার করে। তিনি ‘আরএসও’র সাংগঠনিক সম্পাদক।