আরাকানে লড়াই করতে কর্মীদের উদ্বুদ্ধ করেন মুফতি জসীম
উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানী মিয়ানমারের আরকানে নির্যাতিত মুসলামানদের পক্ষে লড়াই করতে অনুসারীদের উদ্বুদ্ধ করেন। তিনি ২০১২ সালে আরাকানে ‘মুজাহিদ’ পাঠানোর লক্ষ্যে দেশের বিভিন্ন মাদ্রাসার বেশ কিছু ছাত্র ও সরলপ্রাণ যুবকদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত কাউকে পাঠাতে পারেননি।
পুলিশের বিশেষ শাখা (এসবি) এসব তথ্য উল্লেখ করে মুফতি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত এপ্রিলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি প্রতিবেদন পাঠান। গত সোমবার দুপুরে বরগুনায় গোপন বৈঠক করার সময় মুফতি জসীমসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে ব্লগার রাজীব হত্যা মামলা ও ব্লগার আসিফ মহীউদ্দিন হত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ঢাকার বছিলায় মুফতি জসীমের মাদ্রাসায় অভিযান চালিয়ে জঙ্গিসংশ্লিষ্ট বিপুল পরিমাণ আলামত উদ্ধার করে।
এই দুটি মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ও জসীমউদ্দিনের মাদ্রাসায় অভিযান পরিচালনকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ২০১২ সালের জুনে মুফতি জসীমউদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের আরকানে যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ওই পরিকল্পনা ভণ্ডুল হয়ে যায়।
এসবির ওই প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালে মিয়ানমারের আরকানে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হয়। সেই সময় জসীমউদ্দিন তাঁর বিভিন্ন বই, ওয়াজ মাহফিল, খুতবায় যুবকদের সশস্ত্র জিহাদের পথে আহ্বান জানান। এ কাজে তিনি মূল সংগঠকের ভূমিকা রেখেছিলেন। তাঁর আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা আছে।
প্রতিবেদনে বলা হয়, ব্লগার রাজীব হত্যায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে আনসারুল্লাহ বাংলা টিম নামের একটি অনলাইনভিত্তিক সশস্ত্র জিহাদির সন্ধান পাওয়া যায়। এর অনুপ্রেরণাদাতা ও তাত্ত্বিক গুরু হিসেবে জসীমউদ্দিন রাহমানীর অস্তিত্ব প্রমাণিত হয়। জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার বেশ কিছু ছাত্র, সরলপ্রাণ যুবক তাঁর অনুসারী হয়ে উঠেছে। এদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।
এসবির প্রতিবেদনে আরও বলা হয়, মুফতি জসীমউদ্দিন পরিচালিত মারকাজুল উলুম মাদ্রাসায় হরকাতুল জিহাদ (হুজি) ও জামাআতুল মুজাহেদিনের (জেএমবি) কিছু সদস্য নিয়মিত যাতায়াত করছেন। প্রতিবেদনে সংগঠনটিকে নিস্ক্রিয় করার সুপারিশ করা হয়।
ডিবির এডিসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মুফতি জসীমের আস্তানা থেকে উদ্ধার করা কাগজপত্র পর্যালোচনায় প্রতীয়মান হচ্ছে, তাঁর নেতৃত্বে হুজি, জেএমবি ও আল্লাহর দল সংগঠিত হচ্ছিল। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৈঠক করেছে বলে ডিবির কাছে তথ্য আছে।
গতকাল জুমার নামাজের সময় মোহাম্মদপুর বছিলায় মুফতি জসিমের মারকাজ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর থানার পুলিশসহ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি। দোতলা মসজিদসংলগ্ন টিনের ছাপড়ার মাদ্রাসায় ছাত্রদের উপস্থিতি নেই।
মুসল্লি ইমাম হোসেন বলেন, অন্য জুমার তুলনায় অর্ধেকেরও কম মুসল্লি এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে মুসল্লিদের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল।