আরাধা হত্যা মামলায় দুজনের স্বীকারোক্তি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শিশু আরাধা রানী সরকারকে অপহরণ ও হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামির মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পাঁচবিবির রশিদপুর মোলান বাজারের ব্যবসায়ী পরেশ চন্দ্র সরকারের একমাত্র কন্যাশিশু আরাধা গত ২২ ডিসেম্বর নিখোঁজ হয়। ওই দিন একটি মুঠোফোন থেকে অপহরণকারীরা আরাধার বাবাকে কল দিয়ে তাঁর মেয়েকে অপহরণের কথা জানায়। ওই দিনই পরেশ পাঁচবিবি থানায় মামলা করেন। তিন দিন পর অপহরণকারীরা আরাধার লাশ বাড়ির পাশে পুকুরপাড়ে চাপা দিয়ে রেখে যায়। ২৫ ডিসেম্বর পুলিশ লাশ উদ্ধার করে। ওই দিন পুলিশ পরেশের প্রতিবেশী বিরেশ চন্দ্রকে গ্রেপ্তার করে। বিরেশের দেওয়া তথ্য অনুযায়ী পরে মোস্তাফিজুর রহমান ওরফে রাব্বু ও ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। এরপর র্যাব টিপলুকে আটক করে পুলিশে হস্তান্তর করে।
পুলিশ, র্যাব ও জয়পুরহাট গোয়েন্দা পুলিশ এ মামলায় সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করে। ৩১ জানুয়ারি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ১ ফেব্রুয়ারি জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল আমিন ভূঁইয়ার আদালত বিরেশের তিন দিনের রিমান্ড মনজুর করেন। গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ শুক্রবার উত্তম চন্দ্রকে গ্রেপ্তার করে। উত্তম গত শনিবার আদালতে বিরেশের মতোই স্বীকারোক্তি দেন।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, আরাধার অপহরণকারী ও হত্যাকারীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছেন।
লাশের পরিচয় মিলেছে: আমাদের আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, আদমদীঘির মঙ্গলপুর গ্রামের গোদার পুকুর থেকে শনিবার সকালে উদ্ধার হওয়া শিশুর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত শিশুর নাম এমদাদ হোসেন (১৪)। সে উপজেলার সাওইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। এ ঘটনায় নিহত এমদাদের মা আদরী বেগম শনিবার আদমদীঘি থানায় মামলা করেছেন। এদিকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয়ন ও সজল নামের দুজনকে আটক করেছে।