আরাফাত-আক্তারুজ্জামানের ঝগড়া নিয়ে গরম সামাজিক মাধ্যম
বেসরকারি টেলিভিশন জিটিভির (গাজী টিভি) একটি টক শোর উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি সম্প্রচারিত হওয়া ‘বাংলাদেশ সংলাপ’ নামের এই টক শোতে বিশ্ববিদ্যালয়-শিক্ষক মোহাম্মদ এ আরাফাত ও সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামানকে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গেছে।
এই ভিডিওচিত্রটি এর মধ্যে ‘দেশের রাজনীতি’ ( www.youtube.com/user/bdrajneeti?feature=watch ) নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে, যেখানে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত ছয় হাজার ৫৭৯ লাইক পেয়েছে। এ ছাড়াও ফেসবুকে এই ভিডিওচিত্রটি শেয়ার হতে দেখা গেছে।
ওই টক শোতে দেখা যায়, আরাফাত বলেন, ‘জয় বাংলাকে যারা আলিঙ্গন করতে পারে না, তাদেরকে মুক্তিযোদ্ধা বলতে কষ্ট হয়।’ এতে খেপে যান আক্তারুজ্জামান। তিনি আরাফাতকে এই বক্তব্য প্রত্যাহার করতে বলেন। এরপর বাগবিতণ্ডা শুরু হলে অনুষ্ঠান শেষ করার ঘোষণা দেন সঞ্চালক অঞ্জন রায়। তবে সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার পরের দৃশ্যও এই ফুটেজে দেখা গেছে। সেখানে দুজনকে আরও অনেক বেশি উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগের সাইটে অনেকে বলছেন, তাঁদের মধ্যে একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে।
ওই ঘটনা সম্পর্কে প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানটির সঞ্চালক ও গাজী টিভির এডিটর (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) অঞ্জন রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, মতের ভিন্নতা নিয়ে টক শোতে আলোচকেরা উত্তেজিত হতেই পারেন। তাঁদের মধ্যে কথা-কাটাটি হতেই পারে। এটি তেমন কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যেভাবে বিষয়টি রং চড়িয়ে প্রচার করা হচ্ছে, তা ঠিক নয়। তিনি দাবি করেন, সেখানে আরাফাত ও আক্তারুজ্জামানের মধ্যে কোনো ধাক্কাধাক্কির ঘটনা ঘটেনি।
সরাসরি সম্প্রচার বন্ধ হওয়ার পরের দৃশ্য কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াল? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন। যারা ওই ফুটেজ ছড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে তাঁর প্রতিষ্ঠান শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
ভিডিও: