আরাফাত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
প্রথম দিন আদালতে মামলার বাদী ও আরাফাতের বাবা মো. শহিদুল ইসলাম ও মা রিনা বেগমসহ চারজন সাক্ষ্য দেন। এ সময় মামলায় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
ওই চার আসামি হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের আবদুল লতিফ (২১), একই গ্রামের রবিন মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২) এবং নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন (২১)। ৩ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সোয়া ১২টা থেকে দেড়টা পর্যন্ত আরাফাতের বাবা শহিদুল ইসলাম সাক্ষ্য দেন। এ সময় তিনি আদালতের সামনে আরাফাত হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। বেলা সোয়া দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আরাফাতের মা রিনা বেগম সাক্ষ্য দেন।
পরে বিকেল পাঁচটা পর্যন্ত আদালত আরাফাতের দূরসম্পর্কের চাচা মো. ইয়ার খান ও বড় চাচা মো. রেজাউল করিমের সাক্ষ্য নেন।
গত বছরের ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে আসামিরা মুক্তিপণের দাবিতে আরাফাতকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা ওই দিনই তাকে (আরাফাত) হত্যা করে তার লাশ গারো পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।