আরাফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে অপহরণের পর স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাতকে (৮) হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।
সামাজিক সংগঠন ‘আমরা শেরপুরবাসী’ এসব কর্মসূচির আয়োজন করে। রাত আটটায় শেরপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনারের বেদিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পারভীন বেগম প্রমুখ বক্তৃতা করেন।
গত ২ আগস্ট শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে দুর্বৃত্তরা আরাফাতকে অপহরণ করে নিয়ে যায়। ৮ আগস্ট নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরুঙ্গা পাহাড়ের চূড়া থেকে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের ছেলে।