আরাফাতুন নেছার দায়িত্ব নিল বয়স্ক পুনর্বাসনকেন্দ্র
বরিশালের গৌরনদী উপজেলার কসবা সেতুর কাছে ফেলে যাওয়া আরাফাতুন নেছার (৮৫) পুনর্বাসনের দায়িত্বভার গ্রহণ করেছে গাজীপুর বয়স্ক পুনর্বাসনকেন্দ্র। গতকাল শনিবার সকালে কেন্দ্রের সমন্বয়কারী রবিউল ইসলামের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, কসবা সেতুর কাছে রোগাক্রান্ত বৃদ্ধা এক কাপড়ে ১০ দিন রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়রা ৮ ফেব্রুয়ারি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর আট দিন চিকিৎসাধীন থাকলেও কেউ তার খোঁজ নিতে আসেননি। এ সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হলে গাজীপুর বয়স্ক পুনর্বাসনকেন্দ্রের সমন্বয়কারী রবিউল ইসলাম তাঁর দায়িত্বভার গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। অবশেষে গতকাল শনিবার সকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আরাফাতুন নেছাকে গ্রহণ করেন।
কুমিল্লার শামীম ও শাহিন নামের দুই ভাই তাঁদের মা আরাফাতুন নেছাকে মেয়ের বাড়ি বেড়াতে নেওয়ার কথা বলে ৩০ জানুয়ারি রাত ১০টার দিকে কসবা সেতুর কাছে ফেলে যান।